সংবাদদাতা, পতিরাম: কাপড় শুকোতে দিতে বাড়ির ছাদে উঠেছিলেন এক প্রৌঢ়া। ছাদ থেকে পা ফসকে পড়ে গিয়ে মৃত্যু হল ওই মহিলার। মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের অমৃতখণ্ড গ্রামপঞ্চায়েতের ডুমুইর এলাকায়। মৃতার নাম রিনা দাস (৪৯)। অসাবধানতাবশত ছাদ থেকে পা ফসকে নীচে পড়ে যান তিনি। বাড়ির সামনে সিমেন্টের রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর জখম হন ওই মহিলা। তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।



