Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাদে ফাটল, ফল্‌স সিলিং চুঁইয়ে চারটি ওটিতে জল

ছাদে ফাটল, ফল্‌স সিলিং চুঁইয়ে চারটি ওটিতে জল
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লক পূর্ণাঙ্গভাবে চালু করার ক্ষেত্রে নতুন জটিলতা তৈরি হ঩য়েছে। গোটা ভবন এখনও ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না। নতুন ভবনের ছাদে ফাটল ধরায় বৃষ্টির জল চুঁইয়ে ফল্‌স সিলিং খসে পড়েছে বহু জায়গায়। একতলা থেকে পাঁচতলা সর্বত্রই জায়গায় জায়গায় ফল্‌স সিলিং খুলে পড়ছে। এই ঘটনায় নতুন ছ’তলা ভবন নির্মাণে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। 
Advertisement
পূর্তদপ্তর ফল্‌স সিলিং মেরামতের দায়িত্ব নিলেও ছাদ মেরামতের কাজ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ভবন নির্মাণকারী কেন্দ্রীয় এজেন্সি ছাদ মেরামতের দায়িত্ব নিতে রাজি হয়েছে। কিন্তু তাতে জটিলতা রয়েছে এবং সময় সাপেক্ষ।
মঙ্গলবার কেন্দ্রীয় এজেন্সির ইঞ্জিনিয়ার তথা এই প্রকল্পের সুপারভাইজার সৌরভ কুমার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে গোটা বিল্ডিং পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ছাদের ক্ষতিগ্রস্ত অংশ আমরাই মেরামত করে দেব। কাজের চুক্তির মধ্যেই এটা পড়ে। তবে এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে ছাদ মেরামতের কথা জানাতে হবে। সেই চিঠি আমাদের এজেন্সির কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন আসার পর ছাদ মেরামতের কাজ শুরু হবে। তবে কবে অনুমোদন মিলতে পারে সেব্যাপারে কিছু বলতে পারেননি সৌরভবাবু। ছাদ মেরামতের কাজ যে সময় সাপেক্ষ তা সহজেই অনুমেয়। নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে সৌরভবাবু কোনও মন্তব্য করতে চাননি। 
এদিকে, ছাদ মেরামত না হওয়া পর্যন্ত চারটি গুরুত্বপূর্ণ অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছে না। পাঁচতলাতে এই ওটিগুলি। অপারেশন থিয়েটার চালু না হলে সুপার স্পেশালিটি ব্লকও পূর্ণাঙ্গরূপে চালু করা সম্ভব নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, কেন্দ্রীয় এজেন্সির ইঞ্জিনিয়ার সুপার স্পেশালিটি বিল্ডিং পরিদর্শন করে দেখেছেন। কোথায় কোথায় ছাদে ফাটল ধরেছে, তিনি তা দেখেন। সেই ফাটল  দিয়ে বৃষ্টির জল ঢুকে অপারেশন থিয়েটারের ফল্‌স সিলিং খসে পড়েছে। এভাবে জল পড়তে থাকলে অপারেশন থিয়েটারের মূল্যবান চিকিৎসা সরঞ্জামও ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। সেকারণেই আগে ছাদ মেরামত করতে হবে।  
সম্পর্কিত সংবাদ