Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে দলের কর্মীদের ঝাঁপিয়ে পড়ার বার্তা তৃণমূলের

ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে দলের কর্মীদের ঝাঁপিয়ে পড়ার বার্তা তৃণমূলের
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ছাব্বিশের বিধানসভা এখনও ঢের দেরি। তার আগে থাকতেই প্রস্তুতি শুরু করে দল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার পুরুলিয়া জেলার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত মহিলা তৃণমূলের জেলা সম্মেলনে নেতৃত্বের বার্তা, ছাব্বিশের নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে। মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী করেছে, সেই বার্তা ফের আরও একবার পৌঁছে দিতে হবে প্রতি বাড়িতে। 
Advertisement
পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী অর্পিতা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী সুমিতা সিং মল্ল, পুরুলিয়া সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন বেলথরিয়া, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন শাখা সংগঠনের জেলা সভাপতি ও নেতারা। এদিন সিপিএম-বিজেপিকে একযোগে আক্রমণ করেন অর্পিতাদেবী। তিনি বলেন, বিজেপির সঙ্গে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছে সিপিএম। অথচ প্রতি মুহূর্তে বাংলার মানুষের জন্য ভাবছেন মুখ্যমন্ত্রী। বিনামূল্যে চাল, সবুজ সাথীর সাইকেল থেকে শুরু করে স্বাস্থ্য সাথীর মতো একটা কার্ড দিয়েছেন। আমাদের ভাবতে হচ্ছে না কোনও কিছুর জন্য। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিয়েছেন। তারপরেও চায়ের ঠেকে বসে তাঁর নামে কুৎসা করছেন অনেকেই। আমাদের বাড়ি বাড়ি এখন থেকেই প্রচার করতে হবে। সুমিতাদেবী বলেন, জেলায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন কয়েক হাজার মহিলা। মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, অন্য কোনও রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী তা করেননি। তাই আগামী নির্বাচনেও মহিলা ভোটের উপর ভর করেই আমরা জিতব। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্প সত্ত্বেও একুশ ও চব্বিশের নির্বাচনে পুরুলিয়ার লোককে ভুল বুঝিয়েছে বিজেপি। তার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বোঝাতে হবে বাড়ি বাড়ি গিয়ে।
Advertisement
সম্পর্কিত সংবাদ