নিজস্ব প্রতিনিধি, বরানগর: ছটপুজো সেরে ফেরার সময় পথ দুর্ঘটনায় পানিহাটির বাসিন্দা সাগর সিংয়ের মৃত্যু হয়েছিল। রবিবার সাগরবাবুর বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার চেক সাহায্য হিসাবে তুলে দিলেন মন্ত্রী অর্জুন সিং। তবে মন্ত্রীর কাছে চাকরির আবেদন জানিয়েছেন মৃতের স্ত্রী গুড়িয়াদেবী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বোসপুকুরের বাসিন্দা সাগর সিং। তিনি ছটপুজো সেরে গাড়িতে ফিরছিলেন। বরানগরের সিঁথির মোড়ের কাছে চলন্ত গাড়ি থেকে পড়ে গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন তাঁর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এদিন মৃতের বাড়িতে মন্ত্রী ছাড়াও পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, জেলাশাসক শিল্পী গৌরী সারিয়া, মহকুমা শাসক যাদব সূর্য ভান আচ্ছেলাল সহ পুলিশ আধিকারিকরা হাজির ছিলেন।
এদিন গুড়িয়াদেবী বলেন, আমার তিনটি ছোটো ছোটো মেয়ে আছে। দেখার মতো কেউ নেই। উনিই একমাত্র রোজগেরে ছিলেন। তাই মন্ত্রীর কাছে চাকরি চেয়েছি। অর্জুন সিং বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ১০ লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মৃতের স্ত্রী তিন কন্যা সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েছেন। তিনি চাকরির জন্য আবেদন করেছেন। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাব। ওঁদের কাজের জন্য আমিও চেষ্টা করব।



