সংবাদদাতা, বিষ্ণুপুর: মরশুমের শুরুতেই পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিষ্ণুপুরের তিনটি ঐতিহাসিক মন্দির কেমিকেল ওয়াশ করে ঝকঝকে করা হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের যাতে শ্যাওলা ধরা মন্দির দেখতে না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সূত্রের খবর। দপ্তর সূত্রে জানা গিয়েছে, কালাচাঁদ, রাধাবিনোদ এবং রাধাগোবিন্দ এই তিনটি মন্দিরে কেমিকেল ওয়াশ করা হবে। তার মধ্যে কালাচাঁদ মন্দিরে কাজ শুরু হয়েছে। বাকি দু’টি মন্দিরকেও ওয়াশ করা হবে। শ্যাওলা ছাড়াতে গিয়ে যাতে মন্দিরের যাতে কোনোরকম ক্ষতি না হয়, তার জন্যই কেমিকেল দিয়ে ওয়াশ করা হচ্ছে। এর আগেও অন্যান্য মন্দিরে একই পদ্ধতিতে শ্যাওলা পরিষ্কার করা হয়েছে। এবারেও তিনটি মন্দির পরিষ্কার করা হচ্ছে।
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিষ্ণুপুর সাব সার্কেলের এক আধিকারিক বলেন, এর আগেও জোড়বাংলো, শ্যামরাই প্রভৃতি মন্দিরে কেমিকেল ওয়াশ করা হয়েছে। এবার তিনটি মন্দির ওয়াশ করা হবে। তার মধ্যে বুধবার থেকে কালাচাঁদ মন্দিরে কাজ শুরু হয়েছে। তা সম্পূর্ণ হলে তারপর রাধামাধব ও রাধাগোবিন্দ মন্দিরে কাজ হবে।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৬৫৬ খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের মল্লরাজা রঘুনাথ সিংহের আমলে কালাচাঁদ মন্দির ল্যাটেরাইট পাথরে নির্মাণ করা হয়। একরত্ন শৈলীর ওই মন্দিরের চারদিকে ত্রিখিলার প্রবেশপথ সহ ভিতরে একাধিক বারান্দা রয়েছে। মন্দিরের গায়ে কৃষ্ণ লীলার নানা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও পৌরাণিক দেবতা, সাধক ও নর্তকদের অলংকরণও রয়েছে। মন্দির চত্বরে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সাব সার্কেল অফিস।
কালাচাঁদ মন্দিরের কাছেই রয়েছে রাধামাধব মন্দির। ১৭৩৭ খ্রিস্টাব্দে মল্লরাজা গোপাল সিংহের পূত্রবধূ চূড়ামণি দেবী ওই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের গায়ে কৃষ্ণলীলা, দশাবতার ছাড়াও পশুপাখি, ফুল ও ফলের ছবি এবং পৌরাণিক নানা দৃশ্য রয়েছে। এছাড়াও রাধামাধব মন্দিরের পশ্চিমে প্রায় ৫০মিটার দূরেই রয়েছে রাধাগোবিন্দ মন্দির। ১৭২৬ খ্রিস্টাব্দে মল্লরাজা কৃষ্ণ সিংহের আমলে তা প্রতিষ্ঠা হয়। মন্দিরের গায়ে নানা ভাস্কর্য খোদাই করা রয়েছে। তিনটি মন্দিরকেই ১৯১৪সালে ১৯জুন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধীনে রয়েছে। মন্দিরের গায়ে শ্যাওলা পড়ে যাওয়ায় অনেকাংশ কালো হয়ে গিয়েছে। খোদাই করা নানা ভাস্কর্য তাতে ঢাকা পড়েছে। সেই কারণে তা পরিষ্কার করা হচ্ছে। তবে কোনো কিছু দিয়ে ঘষে শ্যাওলা তুললে তাতে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সেই জন্য কেমিকেল ওয়াশ করা হচ্ছে। এর আগেও একইভাবে অন্যান্য কয়েকটি মন্দির পরিষ্কার করা হয়েছে। বর্তমানে তা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। এই তিনটি মন্দিরকেও পর্যটন মরশুমের শুরুতেই একইভাবে আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।



