Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচল সদরের কাছে বাজারগামী নতুন ফুটব্রিজের কাজ শুরু

চাঁচল সদরের কাছে বাজারগামী নতুন ফুটব্রিজের কাজ শুরু
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল সদরের কাছে বাজারগামী ফুটব্রিজটি নড়বড়ে হয়ে পড়েছিল। দ্রুত সেটি ভেঙে নতুন করে নির্মাণ করার দাবির কথা একাধিকবার প্রকাশিত হয় বর্তমান পত্রিকায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে সেখানে নতুন করে নির্মাণ শুরু হয়েছে। তবে শুরুতেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সরব এলাকাবাসী। এই জটে কাজ থমকে ছিল দু’দিন। জট কাটাতে মঙ্গলবার আসরে নামলেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। পাশাপাশি এদিন সদর এলাকার নিকাশি ও আলোর সমস্যা মেটাতে দিনভর এলাকা চষে বেড়ান তিনি। সঙ্গে ছিলেন পূর্ত ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার সহ ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। মরা মহানন্দার উপর ফুটব্রিজ নির্মিত হচ্ছে। এলাকার জল নিকাশির মূল ভরসা সেটি। কাজ চলাকালীন যাতে সেখানে জল না জমে সেজন্য ঠিকাদার সংস্থার বাঁধ দিয়েছিল। তবুও পিএইচই-র পাইপ ফেটে কাজের জায়গায় জল থইথই হয়ে ঢালাই করা অংশ ডুবে যায়। এভাবে কাজ হলে টেকসই হবে না বলে বাসিন্দারা অভিযোগ করেন।
Advertisement
স্থানীয় তাহের হোসেন বলেন, জলের মধ্যে কাজ হলে ব্রিজ দুর্বল হয়ে পড়বে। বিষয়টি বিভিন্ন মহলে জানিয়েছিলাম। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তন্ময় সাহা বলেন, পিএইচই-র পাইপ ফেটে যাওয়ায় জলের জন্য কাজে বেগ পেতে হয়। সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। দ্রুত সেটি মেরামত করা হবে বলে তারা জানিয়েছে। 
বিধায়ক বলেন, ফুটব্রিজ নির্মাণের জট মিটিয়ে দিয়েছি। ওই এলাকাগুলিতে নিকাশি সমস্যা সমাধানের জন্য দেড় কোটি টাকার কাজের প্রস্তাব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে। বিধায়ক তহবিল থেকে আট লক্ষ টাকায় পাহাড়পুরে দ্রুত হাইমাস্ট লাইট বসানো হবে। 
সম্পর্কিত সংবাদ