Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচলে বালি তোলার প্রতিবাদ, আধিকারিকদের ঘিরে বিক্ষোভ 

চাঁচলে বালি তোলার প্রতিবাদ, আধিকারিকদের ঘিরে বিক্ষোভ 
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: শীতকালে নদীর জল কমলেই বালি তোলা শুরু হয় মহানন্দার চর থেকে। বছরের পর বছর এভাবে বালি উত্তোলনের ফলে প্রভাব পড়েছে এলাকার ভূ-মানচিত্রে। গতিপথ বদলে যাওয়ায় বর্ষায় নদীর জল ফুলেফেঁপে এলাকা প্লাবিত হয়। নষ্ট হয় কয়েকশো বিঘা জমির ফসল। তাই এবার বালি তোলা রুখতে চরে নেমে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। বুধবার মালদহের চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাহারাবাদে মহানন্দা নদীর চরে পরিস্থিতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ভূমি দপ্তরের আধিকারিকেরা। পরে পরিস্থিতি সামাল দেন মালদহ জেলা পরিষদের স্থানীয় সদস্য আব্দুল হাই। বিক্ষোভকারী আলি ইমরানের দাবি, নদীর জল কমতেই একশো মিটার পাকা ড্রেন ও কয়েকটি বাড়ি ধসে তলিয়ে গিয়েছে।  তাই যাতে বালি কাটা না হয়, সেই দাবি জানিয়েছি। টেন্ডার করে বালি তোলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। মহানন্দা নদীর তীরে ওই এলাকায় বাহারাবাদ, খানপুর, হোসেনপুর ও থারাস সহ একাধিক গ্রাম। বাসিন্দাদের দাবি, বালি তোলার কারণে এলাকার শ্মশান, কবরস্থান ও একাধিক বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যায়। বালি উত্তোলনের ফলে নদীর গভীরতা বেড়ে যাওয়ায় স্নানে নেমে জলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছিল কয়েকমাস আগে। তারপর থেকেই ফুঁসছিলেন বাসিন্দারা। স্থানীয়দের কথায়, খানপুর, হোসেনপুর ও বাহারাবাদ ঘাটে বালি উত্তোলনের জন্য টেন্ডার হয়ে গিয়েছে। কয়েকদিন আগে বালি কাটার কাজ শুরু হয়। সেই কাজ বন্ধ করতে গত সোমবার ভূমি দপ্তরে অভিযোগ করেন এলাকাবাসী। এদিন ঘটনাস্থলে যেতেই আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। আব্দুল হাই বলেন, কয়েকবছর ধরে নদী থেকে বালি তোলার ফলে জল গ্রামে ঢুকে পড়ছে। মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বালি কাটার জন্য টেন্ডার হয়েছে শুনেছি। এভাবে বালি তুললে মানুষ বৃহত্তর আন্দোলনে নামবেন। চাঁচল-২ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক মনিরুজ্জামান বলেন, বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে জেলা আধিকারিকদের সঙ্গে সেখানে গিয়েছিলাম। বিক্ষোভ হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি দেখছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ