Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচল বিধানসভায় মুখ থুবড়ে পড়ল পদ্ম শিবিরের সদস্য সংগ্রহ অভিযান

চাঁচল বিধানসভায় মুখ থুবড়ে পড়ল পদ্ম শিবিরের সদস্য সংগ্রহ অভিযান
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল বিধানসভায় মুখ থুবড়ে পড়ল বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। সাংগঠনিক দুর্বলতার জন্যেই এমন পরিস্থিতি, মেনে নিয়েছেন দলের স্থানীয় নেতৃত্বের একাংশ। তবে এর জন্য শীর্ষ নেতৃত্বের উপর দায় চাপিয়েছেন তাঁরা। 
Advertisement
বিজেপি সূত্রে খবর, প্রত্যেক পদাধিকারী ও জনপ্রতিনিধিদের ১০০ জন করে সদস্য সংগ্রহের টার্গেট দেওয়া হয়েছিল। শনিবার পর্যন্ত চাঁচল বিধানসভায় মাত্র ৩ হাজার ২০০ জন সদস্য হয়েছেন। এই বিধানসভা এলাকায় বিজেপির পাঁচ মণ্ডল সভাপতি, একাধিক জনপ্রতিনিধি ও দুই শতাধিক বুথ সভাপতি রয়েছেন। সেখানে ১০০ জন করে সদস্য সংগ্রহ করলে প্রায় ২৫ হাজারের বেশি সদস্য করা যেত বলে মনে করছেন দলের অনেকে। এই ব্যর্থতার পিছনে উঠে আসছে গোষ্ঠীদ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতার কথা। এছাড়াও দলে আওয়াজ উঠেছে চলতি বছরে দলের ঘোষিত কর্মসূচিগুলি দায়সারাভাবে পালন করা হয়েছে। সদস্য সংগ্রহ অভিযানেও একজোট হয়ে মাঠে নামেননি নেতারা।
চাঁচল বিধানসভার বিজেপির ৫ নম্বর মণ্ডল সভাপতি প্রসেনজিৎ শর্মার দাবি, আমি নিজের লক্ষ্যমাত্রা পূরণ করেছি। তবে, বিধানসভায় কম সদস্য সংগ্রহের কারণ হল সাংগঠনিক দুর্বলতা। এর জন্য শীর্ষ নেতৃত্বই দায়ী।
আবার চাঁচল বিধানসভা এলাকায় দলের কো-কনভেনার সুমিত সরকারের অভিযোগ, একত্রিত হয়ে মাত্র একদিন এলাকায় সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল। সেখানে আমাকে ডাকা হয়নি। নিজের টার্গেট পূরণ করেছি।
বিজেপি যুব মোর্চার উত্তর মালদহের সভাপতি অয়ন রায়ের কথায়, দল বড় বলে মনোমালিন্য থাকতেই পারে। সব মিটে যাবে।
বিজেপির ঘোষিত কর্মসূচির এমন বেহাল অবস্থা দেখে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রাজ্যের শাসক দলের নেতাদের দাবি, বিজেপি সরকার বাংলার মানুষকে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করেছে। একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকা দেয়নি। বাংলার বিকাশের ক্ষেত্রে মুখ ফিরিয়েছে বিজেপি। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করছেন।
মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির কটাক্ষ, যারা ভাত দেয় না, তাদের কাছে মানুষ কেন যাবে? সদস্য সংগ্রহ অভিযানের নামে নাটক করছে বিজেপি। তাদের অস্তিত্ব থাকবে না রাজ্যে। চাঁচলের সদস্য সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়া সেটাই প্রমাণ করছে।
যদিও উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুর পাল্টা দাবি, ১০ বছরে বিজেপি যা উন্নয়ন করেছে, কেউ করেনি। সদস্য সংগ্রহ অভিযানে আমাদের লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাবে।
সম্পর্কিত সংবাদ