Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচল বিধানসভায় ১২ টি পঞ্চায়েতে ১২ টি পাকা রাস্তার কাজ দু’মাসেই

চাঁচল বিধানসভায় ১২ টি পঞ্চায়েতে ১২ টি পাকা রাস্তার কাজ দু’মাসেই
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: নতুন বছর পড়তেই বেহাল রাস্তা পাকা করার উদ্যোগ মালদহের চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের। এক সপ্তাহ আগেই মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত দিয়ে মহানন্দপুরে তিন কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস হয়েছিল। এবার বিধানসভার ১২টি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে মোট ১২ টি রাস্তা পাকা করার ব্যবস্থা হচ্ছে। কাজের প্রস্তাব পাঠানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে। বিধায়ক দাবি করেছেন, প্রায় ১০ কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস হবে দু’মাসের মধ্যে।
Advertisement
ইতিমধ্যে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় রাস্তার ভৌগলিক অবস্থানও খতিয়ে দেখতে শুরু করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ারেরা। মতিহারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেড় কিমি রাস্তা পাকা হবে। সেখানে খানপুর হুলাশপুর থেকে পরশুরাম ও গাগরা কালভার্ট পর্যন্ত কাজ হবে। বেহাল রাস্তা পঞ্চায়েত কর্তৃপক্ষকে নিয়ে পরিদর্শন করেছেন ইঞ্জিনিয়াররা। মহানন্দপুরের বাসিন্দা সামিম আক্তার বলেন, রাস্তার বেহাল অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে জানানো হচ্ছিল। রাস্তা পাকা হওয়ার ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এলাকায় রাস্তার কাজ শুরু হবে বলে আমরা ভীষণ খুশি। 
নীহাররঞ্জন ঘোষ বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে ১০ কোটি টাকার কাজের প্রস্তাব পাঠানো হয়েছে। দু’মাসের মধ্যে শিলান্যাস হবে। এরপরই নাম না করে প্রাক্তন কংগ্রেস বিধায়ককে আক্রমণ শানিয়ে নীহারের মন্তব্য, আগের বিধায়ক রাস্তার কাজ করলে মানুষের দুর্ভোগ হত না। চাঁচলের প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ মেহেবুব পাল্টা বলেন, আমি বিরোধী বিধায়ক থাকার ফলে তৃণমূলের আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কোনও কাজ পাইনি।
সম্পর্কিত সংবাদ