সংবাদদাতা, চাঁচল: আগুনে পুড়ে গেল মুদিখানা। রবিবার ভোরে মালদহের চাঁচল থানার সদরপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম গৌড় ঘোষ। স্থানীয়দের ফোন পেয়ে ভোরে বাড়ি থেকে ছুটে গিয়ে গৌড় দেখেন, দোকানঘর পুড়ে গিয়েছে। কিছুই অবশিষ্ট না থাকায় দমকলকে আর খবর দেওয়া হয়নি। ক্ষতিগ্রস্তের দাবি, দোকান চালিয়ে সংসার চলত। তিনলক্ষ টাকার সামগ্রী পুড়ে নষ্ট। এখন কী করে চলব, দুশ্চিন্তায় রয়েছি। রবিবার চাঁচল থানায় ঘটনার বিবরণ জানানো হয়। পুলিস তদন্ত শুরু করেছে।



