Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচল ১ ব্লকের বহু জায়গায় পথবাতি বিকল, চুরির আতঙ্কে ব্যবসায়ীরা

চাঁচল ১ ব্লকের বহু জায়গায় পথবাতি বিকল, চুরির আতঙ্কে ব্যবসায়ীরা
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল ১ ব্লকের বিহার সীমানা লাগোয়া এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক হাইমাস্ট লাইট জ্বলছে না। এমনকী আটটি পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে, বাজারে বিকল পথবাতি বদলানো হচ্ছে না বলে অভিযোগ। শীতের কুয়াশায় ওই এলাকাগুলিতে অপরাধমূলক ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। বিকল বাতিগুলি মেরামত না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে। মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েত এলাকাটি বিহার লাগোয়া। সেখানে অপরাধ করে অনেক সময় দুষ্কৃতীরা পালিয়ে যায়। বর্তমানে শীতকালে ওই পঞ্চায়েতের বিভিন্ন এলাকা সন্ধের পর অন্ধকারে ডুবে থাকছে। যার জেরে আতঙ্কে থাকছেন বাসিন্দারা। মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নোনাতোর, মল্লিকপাড়া কবরস্থান, জগন্নাথপুর ও মহানন্দপুর হাটখোলায় দীর্ঘদিন ধরে বিকল হাইমাস্ট লাইটগুলি। রাতে দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে অন্ধকারে ঢেকে থাকে এলাকা। চুরির আতঙ্কে থাকেন ব্যবসায়ীরা। বিপুলকুমার রায় বলেন, মহানন্দপুর হাটখোলায় একাধিক দোকান রয়েছে। একটি হাইমাস্ট লাইট থাকলেও তা জ্বলছে না। ব্যবসায়ীরা ভয়ে রয়েছেন।
Advertisement
মল্লিকপাড়া থেকে মহানন্দপুর মোড় পর্যন্ত রাস্তার ধারগুলিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে সোলার লাইট বসানো হয়েছিল প্রায় ছয়মাস আগে। সেগুলিও জ্বলে না বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুরগঞ্জে প্রায় পঞ্চাশটি দোকান, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা ও একটি প্রাইমারি স্কুল রয়েছে। সেখানেও কয়েকবছর আগে একটি দোকান চুরির ঘটনা ঘটে। বর্তমানে গুরুত্বপূর্ণ ওই বাজারেও হাইমাস্ট লাইট জ্বলছে না। স্থানীয় বাসিন্দা ইউসুফ আলি বলেন, শীতকালে আটটার পরে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। তারপর অন্ধকারে ঢেকে থাকে এলাকা। সিসি ক্যামেরাও নেই এই চত্বরে। বিকল হাইমাস্ট লাইটটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি। মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের মালচা মোড়েও হাইমাস্ট লাইট জ্বলছে না বলে অভিযোগ। মতিহারপুর বাজারেও তিনবছর যাবৎ বিকল হাইমাস্ট লাইটটি। এপ্রসঙ্গে চাঁচল ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেনের দাবি, বিকল হাইমাস্ট লাইটগুলি যাতে দ্রুত মেরামত করা হয়, সেজন্য পঞ্চায়েতগুলির সঙ্গে আলোচনা করব।
সম্পর্কিত সংবাদ