সংবাদদাতা, বহরমপুর: চৌবাচ্চায় ডুবে দু’বছরের এক শিশুর মৃত্যু হল। মৃত শিশুর নাম আয়াতুল্লা আলি। তার বাড়ি রানিতলা থানার চক সরলপুরে। শিশুটি কখন চৌবাচ্চায় পড়ে যায়, পরিবারের লোক তা জানে না। রবিবার দুপুরে উদ্ধার করে স্থানীয় নসিপুর হাসপাতালে আনা হলে চিকিৎসক আয়াতুল্লাকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
মৃতের মা মুর্শিদা বিবি বলেন, দুপুরে ছেলে আমার সঙ্গেই ঘুমোচ্ছিল। কখন ও আমার পাশ থেকে উঠে চলে যায়, টের পাইনি। দুপুর ৩টে নাগাদ ঘুম থেকে উঠে বাড়ির পাশের টিউবওয়েলে মুখ ধুতে গিয়ে দেখি, ছেলে চৌবাচ্চায় পড়ে রয়েছে। টিউবওয়েলের জল ভরার জন্য পাশেই চৌবাচ্চাটি খোঁড়া হয়েছিল। তাতে ডুবেই মৃত্যু হয় আয়াতুল্লার। মৃতের বাবা আফতাব আলি বলেন, আমি কলকাতায় রাজমিস্ত্রির কাজ করি। খবর পেয়ে বাড়ি এসেছি। চৌবাচ্চাটি ঢেকে রাখলে দুর্ঘটনা ঘটত না।



