নয়াদিল্লি: ২০১৯ সালে ভারতীয় সেনার বালাকোট এয়ার স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নি। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। শনিবার এবিষয়ে হাত শিবিরকে কাঠগড়ায় তুলল বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ, পাক সেনা ও সন্ত্রাসবাদীদের অক্সিজেন জোগাচ্ছে কংগ্রেস। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের তোপ, ‘বাইরে থেকে এটা কংগ্রেস ওয়ার্কিং কমিটি। কিন্তু ভিতরে আসলে পাকিস্তান ওয়ার্কিং কমিটি।’
পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে উত্তপ্ত ভারত-পাক সীমান্ত। আকাশে যুদ্ধ যুদ্ধ হাওয়া। শুক্রবার একটি প্রস্তাব পাশ করে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সেখানে কেন্দ্রের কাছে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার আর্জি জানিয়েছে রাহুল গান্ধীর দল। বিজেপি মুখপাত্রের দাবি, প্রস্তাব পাশ হওয়ার পরেই সাংবাদিক সম্মেলন করেন চান্নি। সেখানেই ২০১৯ সালের এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সাংবাদিকদের চান্নি বলেন, ‘আজ পর্যন্ত আমরা জানতে পারিনি পাকিস্তানের কোথায় হামলা হয়েছিল, কতজনের মৃত্যু হয়েছিল। আমাদের দেশে কেউ বোমা ফেললে সেটা কি জানা যাবে না? কেন্দ্রীয় সরকার পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করেছিল। কিন্তু কিছুই দেখা যায়নি। আমি সবসময় প্রমাণ দাবি করেছি।’ পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে প্রমাণ দেখানোর দরকার নেই। তবে হাত শিবিরকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি গেরুয়া ব্রিগেড। শনিবার চান্নির এই মন্তব্যের কড়া জবাব দেন সম্বিত। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, ‘পাক সেনা ও সন্ত্রাসবাদীদের অক্সিজেন জোগানোর কোনও সুযোগ হাতছাড়া করে না কংগ্রেস।’