Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

পুজোর আগে দেওয়ালের রূপ বদল

পুজোর আগে ফাঁকা দেওয়াল সাজাবেন। অথচ ড্রিল, পেরেকের ঝামেলা চাইছেন না? সহজ সমাধান রইল আপনার জন্য।

পুজোর আগে  দেওয়ালের রূপ বদল
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুজোর আগে ফাঁকা দেওয়াল সাজাবেন। অথচ ড্রিল, পেরেকের ঝামেলা চাইছেন না? সহজ সমাধান রইল আপনার জন্য।

Advertisement

• আঙুলের কর গুনছে বাঙালি। আর মাত্র কয়েকদিন পরই শ্রেষ্ঠ উৎসব— দুর্গাপুজো। শুরু হয়েছে কেনাকাটা, প্ল্যানিং। কবে নর্থ, কবে সাউথ, কোন দিন কার সঙ্গে বেরনো— চলছে আলোচনা। নতুন জামাকাপড়ের সঙ্গে আপনার ঘরকেও নতুন লুক দিতে পারেন পুজোর আগেই। ঘরে ফাঁকা দেওয়াল থাকলে মেকওভার শুরু করুন সেটিকে দিয়েই। ছবি, আর্টওয়ার্ক থেকে নানা ধরনের জিনিস এখন পাওয়া যায় মার্কেটে। সেগুলি লাগাতে পারেন দেওয়ালে। কী! ড্রিল-হাতুড়ি-পেরেকের ঝামেলায় যেতে চান না? তাহলে দেওয়ালের ক্ষতি হতে পারে? কোনো ব্যাপার নয়। পেরেক-হাতুড়ির ঝামেলা ছাড়াই এমন উপায়ও রয়েছে, যা দিয়ে সহজেই দেওয়ালকে নতুন রূপ দিতে পারেন। কীভাবে? চলুন জেনে নিই উপায়। 
• অ্যাডহেসিভ স্ট্রিপ: ড্রিল ছাড়া দেওয়ালে ছবি বা অন্য কোনো ফ্রেম লাগানোর ক্ষেত্রে অ্যাডহেসিভ স্ট্রিপ বেশ উপকারী। এটি একধরনের আঠালো স্ট্রিপ। যা সহজেই লাগিয়ে দিতে পারেন দেওয়ালে। এর মধ্যেই থাকে হুক। তাই সহজেই এর উপর আটকে দিতে পারেন আপনার পছন্দের ছবি। এতে পেরেক ঠোকার ঝামেলাও এড়ানো গেল আবার দেওয়ালও সুন্দর করে সেজে উঠতে পারবে। 
• টেনশন রড: ফাঁকা দেওয়ালে ঝোলানোর জন্য নানা ধরনের সুন্দর কাপড় পাওয়া যায়। পাশাপাশি পাতার ডিজাইন, পরদাও কিনতে পারেন। এবার সেগুলি ঝোলাবেন কীসে? মুশকিল আসান টেনশন রড। দুই দেওয়ালে ভর দিয়ে সহজেই রাখতে পারেন এই রড। বড়ো, ফাঁকা দেওয়ালে পরদা ঝুলিয়ে রাখতে এর জুড়ি মেলা ভার। 
• ওয়াশি টেপ: দেওয়ালকে আরও রঙিন করে তুলতে চাইছেন? ওয়াশি টেপ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে। বিভিন্ন ধরনের নকশা থাকে এটিতে। বিশেষ করে শিশুদের ঘর সাজানোর জন্য এমন রঙিন টেপ খুব কার্যকর। আর কিছুদিন পর চাইলে টেপ বদলেও নিতে পারেন।  তবে এই ধরনের জিনিসগুলি কেনার আগে রিভিউ ভালো করে পড়ে নেবেন। কারণ অনেক সময়ই তোলার সময় ওয়াশি টেপের আঠার দাগে দেওয়ালের ক্ষতি হয়। তাই ভালো করে যাচাই না করে কিনবেন  না। 
• ঝোলানোর পরিবর্তে: ঝোলানোর পরিবর্তে ফাঁকা দেওয়ালের কাছে একটি টেবিল রাখতে পারেন। সেখানে একটি ছবি বা বড়ো আর্টওয়ার্ক হেলিয়ে রাখতে পারেন। টেবিল থাকায় ঘরের অন্যান্য জিনিসও সেখানে গুছিয়ে রাখতে পারবেন। তাহলে ফাঁকা দেওয়ালও রইল না, আবার অন্যান্য জিনিস রাখার জায়গাও পাবেন। তবে টেবিলের উপর অগোছালো হয়ে জিনিসপত্র পড়ে থাকলে খুব খারাপ দেখায়। সারা বছরই গুছিয়ে রাখার চেষ্টা করুন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ