Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চন্দ্রনাথ সিনহাকে ফের তলব, ইডির ৩১ জুলাই হাজিরার নির্দেশ

চন্দ্রনাথ সিনহাকে ফের তলব, ইডির ৩১ জুলাই হাজিরার নির্দেশ
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ফের ইডি তলব করল মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। সূত্রের খবর, আগামী ৩১ জুলাই মন্ত্রীকে হাজিরা দিতে বলা হয়েছে। তাঁর এবং তাঁর পরিবারের সম্পত্তি সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে বলেও জানা গিয়েছে। এর আগে গত শুক্রবার চন্দ্রনাথ সিনহাকে ইডির দপ্তরে হাজিরার জন্য তলব করা হয়েছিল। কিন্তু সেদিন তিনি উপস্থিত হতে পারেননি বলে জানা গিয়েছে। পরবর্তীতে তদন্তকারী আধিকারিকদের কাছে সময় চেয়ে নেন তিনি। এবার ফের তলব করে, তাঁর ও পরিবারের সম্পত্তির বিস্তারিত হিসেব জমা দিতে বলা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের ২২ মার্চ সকালে আচমকা চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়ি ‘চন্দ্রালয়’-এ হানা দিয়েছিল ইডির এক বিশেষ দল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর জড়িত থাকার সম্ভাব্য প্রমাণের ভিত্তিতেই অভিযান চালানো হয় বলে দাবি সংস্থার। ওইদিন বোলপুরের ২১ নম্বর ওয়ার্ডে মন্ত্রীর বাড়িতে হাজির হন ৮ থেকে ১০ জন ইডি আধিকারিক। নেতৃত্বে ছিলেন তদন্তকারী অফিসার নিখিলেশ কুমার। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে সেদিন তিনি ছিলেন মুরারই থানার অন্তর্গত কলহপুর গ্রামের বাড়িতে। তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীর্ঘক্ষণ তল্লাশি হয়েছিল। তাঁর স্ত্রী ও স্থানীয় কাউন্সিলার কুন্তলা সিনহাকেও ওইদিন জিজ্ঞাসাবাদও করা হয়।
ইডি সূত্রে খবর, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালের জানুয়ারি মাসের গ্রেপ্তার হন কুন্তল ঘোষ। এরপর তাঁর একটি ডায়েরির খোঁজ পায় ইডি। সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামের পাশে আরও ১০০ জনের নাম লেখা ছিল বলে দাবি ইডির। 
এরপর কুন্তল ঘোষ ও তাপস ঘোষকে জিজ্ঞাসাবাদ করে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। তার প্রেক্ষিতেই ২০২৪ সালে মন্ত্রীকে তলব করা হয় ও তাঁর বাড়িতে অভিযান চলে। যদিও, এবারে তলবের বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ