বোলপুরে নিরাপত্তা ও নজরদারি নিয়ে সরব চন্দ্রনাথ সিংহ, কটাক্ষ বিজেপির
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বোলপুরে সাম্প্রতিক কয়েকটি ঘটনা ঘিরে শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। নেতাজি মার্কেটে অগ্নিকাণ্ড, বিজেপির বুথ সভাপতিকে গুলি করে খুন এবং শান্তিনিকেতনের লায়েকবাজারে পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা সেই প্রশ্ন আরও জোরালো করেছে। এই পরিস্থিতিতে শহরের নজরদারি ব্যবস্থা নিয়ে সরব হলেন বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ। মঙ্গলবার তিনি সংবাদমাধ্যমের সামনে বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন। পাল্টা বিধায়কের কাজ নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল।

Advertisement

চন্দ্রনাথ সিংহ বলেন, ‘আমাদের সরকারের সময়ে বিধায়ক ও সাংসদ তহবিল থেকে শহরের অধিকাংশ জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছিল। সিয়ান হাসপাতাল থেকে শান্তিনিকেতন, এমনকী সোনাঝুরি এলাকাতেও ক্যামেরা ছিল। অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এই কাজ হয়েছিল। কিন্তু এখন দেখছি, অধিকাংশ ক্যামেরাই খারাপ।’ তাঁর অভিযোগ, এখন বিজেপি নেতারা  মানুষের পরিষেবার বদলে নিজেদের মধ্যে রেষারেষিতে ব্যস্ত। বিধায়কের কথায়, ‘আমরা থাকাকালীন যে কাজ হয়েছে এবং যে কাজের টেন্ডার হয়েছিল, সেগুলিই এখন হচ্ছে। নতুন করে কোনো কাজ হচ্ছে না। নেতারা কোথায় ঠিকাদারদের সঙ্গে বসে টাকা-পয়সা ভাগ করবেন, কাকে ডাকবেন, কাকে বাদ দেবেন, তা নিয়েই ব্যস্ত। শহরে পরপর গুলি চলা নিয়েও বিজেপিকে নিশানা করেন তিনি। চন্দ্রনাথবাবু বলেন, ‘সিসি ক্যামেরা না থাকায় বোলপুরের বুকে দু’-দুটো শুটআউট হয়ে গেল। আমাদের সময়ে এমন ঘটনা ঘটেনি। তাঁরা শুধু শান্তির বাংলার কথা বলেন। অথচ মানুষ ভয়ে বাড়িতে ঢুকে রয়েছেন। যাঁরা শহরের দায়িত্বে রয়েছেন, তাঁদের বলব, মানুষের পরিষেবা ঠিক করে দিন।’ বিধায়ক হয়েও কাজের পরিবেশ পাচ্ছেন না বলে আক্ষেপ করেন চন্দ্রনাথ সিংহ। তিনি জানান, উন্নয়নমূলক কাজের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের দায়িত্বে মুখ্যমন্ত্রী রয়েছেন। জানতে পেরেছি, কিছু কাজের টেন্ডার প্রক্রিয়া চলছে। আশা করছি, খুব দ্রুত কাজ গুলি হবে।
পাল্টা বিধায়ককে আক্রমণ করেছেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তিনি বলেন, ‘উনি তো এখনও এখানকার বিধায়ক। তাহলে কী করছেন? শুধু বাতেলা মারলে হবে? পুলিশ-প্রশাসন এখনও ওঁদের সেটআপেই চলছে। বোলপুর পুরসভাতেও ওঁদের লোকজন রয়েছেন। তাঁদের দিয়ে আমাদের কাজ করানো খুব কঠিন।’ চন্দ্রনাথবাবুর কাজের পরিবেশ না পাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে শ্যামাপদবাবু বলেন, ‘কেউ কি ওঁর হাতে-পায়ে দড়ি বেঁধে রেখেছে? এর আগেও তো উনি বিধায়ক ছিলেন। তখন কী কাজ করেছেন? শুধু নিজের সম্পত্তি বাড়িয়েছেন। বোলপুর-শান্তিনিকেতন এলাকায় নিজের, আত্মীয়স্বজন ও বন্ধুদের নামে কত জমিজমা করেছেন, তা মানুষ জানেন। তবে উনি ভালো কাজ করলে আমাদের সহযোগিতা থাকবে।’ বিধায়কের সঙ্গে ফোনে কথা হলেও উন্নয়ন নিয়ে আলোচনা হয়নি বলে দাবি করেন বিজেপি জেলা সভাপতি। তাঁর কথায়, ‘কাজের কথা কিছু বলেননি। কোথায় আমার নিয়ন্ত্রণ নেই, সেসব নিয়েই কথা বলেন। উন্নয়নের জন্য কোথায় কী প্রকল্প রয়েছে, কত টাকা বরাদ্দ রয়েছে, সেসব নিয়ে আলোচনা করতে আসুন। কোনো অসুবিধা নেই।’ শহরের সমস্যাগুলি প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, কয়েক মাস আগেও বোলপুরের বিধায়ককে এলাকায় দেখা যাচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন শ্যামাপদ মণ্ডল। সেই সময় নিজের কাজের খতিয়ান তুলে ধরেছিলেন চন্দ্রনাথ সিংহ। ফের বিধায়কের কাজ ও শহরের পরিষেবা নিয়ে দুই শিবিরের তরজা শুরু হল।