সংবাদদাতা, ঘাটাল: সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান এবং সরকারি পরিষেবা হাতের মুঠোয় পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিলেন চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক সুকান্ত দলুই। চন্দ্রকোণাবাসীর সুবিধায় মঙ্গলবার রাত থেকে চালু করা হয়েছে ‘https://amaderchandrakona.com/’ নামে একটি নতুন ওয়েবসাইট। বিধায়ক বলেন, এর মাধ্যমে মানুষের কথা, বিভিন্ন সরকারি প্রকল্প এবং দরকারি নাগরিক পরিষেবা এখন এক ছাতার তলায় পাওয়া যাবে।
এই ওয়েবসাইটের মাধ্যমে এলাকার বাসিন্দারা ঘরে বসেই একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা গ্রহণ করতে পারবেন। সাধারণ মানুষ নিজেদের মোবাইল ফোন থেকেই সরাসরি বিধায়ককে এলাকার যেকোনো সমস্যার কথা জানিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। রাস্তাঘাট, পানীয় জল বা অন্যান্য নাগরিক পরিষেবা সংক্রান্ত যেকোনো অভাব-অভিযোগ সরাসরি জানানো যাবে এই পোর্টালে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে নাগরিকেরা নিজেদের মূল্যবান পরামর্শও জমা দিতে পারবেন।
অভিযোগ জানানোর পর কাজ কতটা এগল, তা নিয়েও আর দুশ্চিন্তা করতে হবে না সাধারণ মানুষকে। বিধায়ক বলেন, অভিযোগ নথিভুক্ত করার পর পাওয়া ট্র্যাকিং নম্বরের সাহায্যে আবেদনকারীরা নিজেরাই দেখে নিতে পারবেন তাঁদের অভিযোগ বর্তমানে কোন ধাপে রয়েছে এবং কত দ্রুত তার সমাধান হচ্ছে। এছাড়া, জরুরি প্রয়োজনে হাসপাতালে ভর্তির সার্টিফিকেট-সহ অন্যান্য প্রয়োজনীয় শংসাপত্রের জন্য আর দপ্তরে দপ্তরে ছোটাছুটি করতে হবে না। ওয়েবসাইটে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করলেই বাড়িতে বসেই সেই সার্টিফিকেট পাওয়া যাবে।
বিধায়কের এই ডিজিটাল উদ্যোগে বেজায় খুশি চন্দ্রকোণার সাধারণ মানুষ। চন্দ্রকোণা শহরের বাসিন্দা অনিন্দ্য গোস্বামী, ক্ষীরপাই শহরের বাসিন্দা বিপ্লব সরকারের কথায়, আগে সামান্য একটি সার্টিফিকেট বা কোনো সমস্যার কথা জানাতে সাধারণ মানুষকে কাজকর্ম ফেলে বিধায়কের দপ্তরে ছুটতে হত। ওই কাজ করতে গিয়ে যেমন সময় নষ্ট হত, তেমনই যাতায়াতের খরচ ও ভোগান্তিও ছিল। নতুন এই ওয়েবসাইট চালু হওয়ায় সেই হয়রানি অনেকটাই কমবে বলে আমাদের ধারণা। কারণ প্রত্যেক বাড়িতেই স্মার্ট ফোন এবং ইন্টারনেটের সুবিধে রয়েছে। তাই বিশেষ করে বয়স্ক মানুষ, কর্মজীবী এবং দূরবর্তী গ্রামের বাসিন্দারা এই পরিষেবায় সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করছেন এলাকার মানুষজন। ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে জনপ্রতিনিধির সঙ্গে সাধারণ মানুষের এই সরাসরি সংযোগ স্থাপনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন চন্দ্রকোণা বিধানসভা এলাকার বাসিন্দারা।



