থিমের বাহারে সেজেছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ, রয়েছে চমক
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অমিত চৌধুরী, চন্দননগর: চন্দননগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোর পরিচিতি বিশ্বজুড়ে। আলোর শহর নতুনভাবে সেজে উঠেছে এবছর। উদ্যোক্তাদের পাশাপাশি সরকারি আর্থিক সহযোগিতায় সেজে উঠেছে চন্দননগর। একাধিক বারোয়ারি পুজোর থিম প্রতিবছর সকলের মন জয় করে। এই বছরও ব্যতিক্রম নয়। চন্দননগর বড়বাজার সর্বজনীন পুজো কমিটির এবারের থিম ‘ঐতিহ্য’। ৬৪তম বর্ষে পদার্পণ করল এই পুজো। পুরানো রাজবাড়ির ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। সেখানে প্রবেশ করলেই দেখা যাবে বিশাল ঝাড়বাতি। আলোক শিল্পীরা সাজিয়ে তুলেছেন নাচ মহল। দেশাত্মবোধক আলোর থিমে সেজে উঠেছে চারিদিক। বিভিন্ন মনীষীর প্রতিকৃতি সাজিয়ে তুলেছেন আলোক শিল্পীরা। এই মণ্ডপের প্রতিমায় রয়েছে বিশেষত্ব। ডাকের সাজে সজ্জিত দেবী। সোলার অলংকারের মধ্যে তুলে ধরা হয়েছে, বন্দে মাতরম-এর দেড়শো বছর পূর্তির ইতিহাস। দেবীর মুকুটে রয়েছে সোলার তৈরি ভারতের মানচিত্রের মধ্যে ভারত মাতা। কমিটির সদস্য সৌরভ শীল জানান, রাজবাড়ির অন্দরমহল ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভিতরে। চন্দননগরের আলোকসজ্জার ঐতিহ্য বহন করে সেজে উঠেছে মণ্ডপ। প্রতিমা তৈরি করেছেন গোবিন্দ পাল। প্রায় ৩৫০ জন শিল্পী আমাদের এখানে আলপনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আরও একটি ঐতিহ্যবাহী পুজোর মধ্যে রয়েছে চন্দননগর দৈবক পাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি পুজো। ৫৪ বর্ষে পুজোর থিম ‘আলোর আলপনা’। পুজো কমিটির সম্পাদক অমিত ঘোষ জানান, মা আসবেন ভিন্নরূপে। সাবেকি আলোয় এবছর চন্দননগর আলোর শহরে এক টুকরো আলো হয়ে উঠবে এই মণ্ডপ। প্রতিমা শিল্পী ও ভাবনায় রয়েছে পরিমল পাল। আলো ছায়ার আলপনায় ভরে উঠেছে মণ্ডপ। মায়ের মূর্তিতে প্রতি বছর নতুনত্ব থাকে। চন্দননগরের একাধিক জায়গায় কলকাতার দুর্গাপুজোর মণ্ডপ এখানে আসে। আমাদের এখানে নতুন ভাবনায় মণ্ডপ তৈরি হয়। ঐতিহ্য ভরা এই আলোর শহর দর্শনার্থীদের আগমনের জন্য প্রস্তুত। আশা করি, অন্যান্য বছরের তুলনায় বেশি ভিড় হবে এই বছর।  দৈবক পাড়ার মাতৃ প্রতিমা।

Advertisement