নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নাবালকের উপরে যৌন নির্যাতনের অভিযোগে চন্দনগরের একটি খ্যাতনামা স্কুলের প্রধান শিক্ষককের জেল হেফাজত হল। মঙ্গলবার পুলিস ওই শিক্ষককে গ্রেপ্তার করে চন্দননগর আদালতে পেশ করে। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক যৌন নির্যাতনের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। নিগৃহীত দুই নাবালক একইরকম বয়ান দেওয়ায় পুলিস ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছিল।
এদিকে, মঙ্গলবার অভিভাবকদের একাংশ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে চন্দননগর থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ওই নাবালকরা মিথ্যা কথা বলছে। যেভাবে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে, সে সম্পর্কে ওই নাবালকদের অভিজ্ঞতা থাকার কথা নয়। যদি সেই অভিজ্ঞতা তাদের থাকে, তাহলে তাদের সঙ্গে নিজেদের সন্তানদের একই স্কুলে পড়ানো বিপজ্জনক বলেও দাবি করেন ওই অভিভাবকরা।
প্রসঙ্গত, চন্দননগরের ওই খ্যাতনামা স্কুলের ইংরেজি মাধ্যমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দু’জন নাবালকের উপরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল সোমবার। ওইদিনই এক নাবালক পড়ুয়ার মা এ নিয়ে থানায় অভিযোগ করেন। বিকেলে পুলিস ওই প্রধান শিক্ষককে আটক করে। মঙ্গলবার বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। স্কুলটি পুরসভার তত্ত্বাবধানে রয়েছে। চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী বলেন, খুবই বিপজ্জনক ঘটনা। আমরা উদ্বিগ্ন। আশা করছি, পুলিসের তদন্তে প্রকৃত সত্য প্রকাশ্যে আসবে। এদিনও অভিযুক্ত প্রধান শিক্ষকের ঘনিষ্ঠরা এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।