বৃষ্টিতে ছন্দহীন চন্দননগর-বাঁশবেড়িয়ার উৎসব, জনহীন মণ্ডপে কেবলই প্রতিমা
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চন্দননগর: প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ম্লান হয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ও বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর স্বাভাবিক ছন্দ। শুক্রবার চন্দননগরে দেখা গেল, বেশিরভাগ পুজো মণ্ডপই খুলে ফেলা হয়েছে। মূল মণ্ডপে প্রতিমার কাছে শুধু আলো জ্বলছে। রাস্তাজুড়ে যে আলোর মালা তৈরি করা হয়েছিল, তাও খুলে ফেলা হয়েছে। এদিন সকালে বহু বারোয়ারি পুজোর ঘট বিসর্জন করতে দেখা গিয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে ফলে শুধু দর্শনার্থীরা নয়, হতাশ ব্যবসায়ীরাও।

Advertisement

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, শোভাযাত্রার দিন বিক্রির জন্য বহু আইসক্রিম স্টক করেছিলাম। এই আবহাওয়ায় সেসব বিক্রির আশা নেই। বহু টাকা লোকসান হবে। পুজোর উদ্যোক্তারা বলছেন, আবহাওয়ার কারণে শোভাযাত্রা পিছিয়ে গিয়েছে। ফলে দু’-তিনদিন বাড়তি প্রতিমা রাখতে হচ্ছে। এর জন্য অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে কমিটিকে। বাইরে থেকে ব্যান্ড সহ বহু শিল্পী এসেছেন। তাঁদের জন্য সব রকম আয়োজন করতে হচ্ছে। লরিগুলি সাজানো হয়েছিল। ওই অবস্থায় সেগুলি দাঁড়িয়ে রয়েছে। ফলে গাড়ির খরচও বেড়েছে। তাও চন্দননগরের ঐতিহ্য ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।একই চিত্র ধরা পড়েছে বাঁশবেরিয়ায়। ২১ নভেম্বরে পরিবর্তে ২৪ নভেম্বর বিসর্জনের শোভাযাত্রার দিন ঘোষণা হয়েছে। এদিন সকাল থেকেই আলো ও মণ্ডপের বিভিন্ন অংশ খোলার কাজ শুরু হয়েছে। মহাকালীতলা কিশোর বাহিনী, ফুলবাগান সংঘের মণ্ডপের সামনে কাদা জমেছে। ওই এলাকা জলমগ্ন। সাহাগঞ্জ বাঁশবেড়িয়ায় এক সময় ডানলপ, পেপার মিল, গ্লাস ফ্যাক্টরি সহ বহু কারখানা ছিল। কার্তিকের আরাধনায় উদ্যোক্তারা তখন অনেকটাই স্বচ্ছল ছিলেন। এখন আর সেই অবস্থা নেই। বৃহস্পতিবার সকালে অটো-টোটোয় করে সামান্য কিছু দর্শনার্থী এলেও এদিন কারওরই দেখা মেলেনি। শুধু প্রতিমার সামনেই জ্বলছে আলো। বৃহস্পতিবার রাতে বাঁশবেড়িয়া নারায়ণতলায় একটি পুজো মণ্ডপ বৃষ্টিতে ভেঙে পড়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একাধিক পুজো মণ্ডপ দর্শকদের জন্য বন্ধ করে দিয়েছে পুজো কমিটি। বাঁশ, ব্যারিকেড, কেউ আবার লোহার গ্রিল দিয়ে মণ্ডপের প্রবেশ পথ আটকে দেওয়া হয়েছে। কোথাও প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া হয়েছে প্রতিমা।