Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ, আটক আট, হরিয়ানার সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের চাঁচল পুলিসের

বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ, আটক আট, হরিয়ানার সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের চাঁচল পুলিসের
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: অনুমতি ছাড়াই বাড়ি বাড়ি ঘুরে রাজনৈতিক মতাদর্শ সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলেন হরিয়ানার একটি সংস্থার কর্মীরা। চলতি সপ্তাহে মালদহের চাঁচলের কুশমাই ও নেহালপুর গ্রাম থেকে দু’দিনে মোট ৮ জনকে পুলিস আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করে কর্মীদের ছেড়ে দেওয়া হলেও সংস্থার নামে মামলা করে তদন্ত শুরু করেছে পুলিস। 

Advertisement

এমন ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি এলাকার জনপ্রতিনিধিদের নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কর্মীরা গলায় আইডি কার্ড ঝুলিয়ে ও হাতে ট্যাব নিয়ে বাড়ি বাড়ি ঘুরছিলেন। পরিবারের সদস্য সংখ্যা, পেশা, এলাকার উন্নয়ন নিয়ে মতামত ও কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন,এসব তথ্য নিচ্ছিলেন। কুশমাই গ্রামের ফুলন নুনিয়া বলেন,আমার স্বামীর মোবাইল নম্বর সহ সব তথ্য নিয়েছে। কোন দলকে সমর্থন করি,সেটাও জানতে চান। কর্মীরা বলেছিলেন, ভোট আসছে বলে তথ্য নেওয়া হচ্ছে।
পুলিস জানায়, এই কাজের জন্য অনুমতি নেওয়া হয়নি। তথ্য সংগ্রহের উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে। হরিয়ানার একটি সংস্থার হয়ে কমিশনের ভিত্তিতে কাজ করছিলেন বলে কর্মীরা দাবি করেছেন। 
রহিম বক্সির অভিযোগ, ভোটের আগে বিজেপি গোপনে বাংলার মানুষের তথ্য সংগ্রহ করে কিছু একটা করার পরিকল্পনা করছে। আমরা এই চক্রান্ত সফল হতে দেব না। পুলিস, প্রশাসন সজাগ রয়েছে। জনপ্রতিনিধিদেরও নজর রাখতে বলা হয়েছে।
বিজেপির রাজ্য কমিটির সদস্য অভিষেক সিঙ্ঘানিয়ার পাল্টা মন্তব্য, এই সমীক্ষা কে করছে, আমাদের জানা নেই। এর সঙ্গে বিজেপিকে অযথা যুক্ত করা হচ্ছে। 
চাঁচল থানার এক আধিকারিক বলেন, দু’টি গ্রাম থেকে আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংস্থার বিরুদ্ধে মামলা করে তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ