‘খাম’ চিহ্নে পুরভোটে জয়ের সম্ভাবনা  কম! ‘নির্দল’ প্রার্থী হতে চান অনেকেই
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘খাম’ চিহ্ন নিয়ে ভোট মিলবে কি? তা নিয়ে সন্দিহান গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই। সূত্রের খবর, দলের বৈঠকেও প্রসঙ্গটি তুলেছেন কয়েকজন। তাঁদের প্ল্যানটা এইরকম—‘নির্দল’ প্রার্থী হিসাবে ভোটে দাঁড়াবেন। ভোটে জিতে এলে ফের ওই দলেই শামিল হবেন তাঁরা। 

Advertisement

দুর্গাপুজো মিটেছে। এবার পুরভোটের দামামা। এবছরের মধ্যেই কলকাতা এবং হাওড়া পুরসভায় নির্বাচন হওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তারপর রাজ্যের একাধিক পুরসভায় ভোটগ্রহণের আলোচনা চলছে। পুরভোটের খবর সামনে আসতেই প্রস্তুতি পুরোমাত্রায় নিতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শাসক দল বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে, বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন যেভাবে পাওয়া গিয়েছে, পুরভোটেও তার ব্যতিক্রম হবে না। 
চর্চায় গুরুত্ব পাচ্ছে বিরোধীদের বিচিত্র অবস্থান! বিশেষ করে তৃণমূলের কারবার। মমতা তৃণমূল কংগ্রেস নাকি গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস, কে কতগুলি ওয়ার্ডে প্রার্থী দিতে পারে এবং কার ভাগ্যে কত ভোট আসে সেটাই এখন আলোচনার কেন্দ্রে। কেননা সদ্যসমাপ্ত নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা উপনির্বাচনে দেখা গিয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস তেমন কোনো সাড়াই ফেলতে পারেনি। দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জমানত বাজেয়াপ্ত হয়েছে। আর প্রার্থীদের প্রাপ্য ভোটের নিরিখে পঞ্চম কিংবা ষষ্ঠ স্থানে চলে গিয়েছে দলটি। তুলনায় ঢের ভালো ভোট পেয়েছে মমতা তৃণমূল কংগ্রেস। 
ঠিক এই আবহে কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলারদের নিয়ে বেশ কয়েকদফায় বৈঠকও সেরে ফেলেছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতারা। সূত্রের খবর, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের ‘খাম’ চিহ্ন নিয়ে অনেকেই প্রার্থী হতে ইচ্ছুক নন। তাঁরা ইতস্ততই করছেন। কলকাতা পুরসভায় তৃণমূলের যে-সমস্ত কাউন্সিলার বছরের পর বছর ধরে জিতে এসেছেন, তাঁদের প্রতীক ছিল জোড়াফুল। সেখানে এবার ‘খাম’ চিহ্ন নিয়ে শহরবাসীর ভোট কতটা পাওয়া যাবে, তা নিয়ে সন্দিহান গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নেতারা। এই অবস্থায় অনেকেই নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন। তাতে যদি পূর্বতন অভিজ্ঞতা এবং ব্যক্তিপরিচয়ের দৌলতে জেতাটা সহজ হয়। এরপরের কৌশল—ভোটে জেতার পর গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে শামিল হয়ে যাওয়া। 
কলকাতা শহরের মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন। ফলে বাস্তবটা বুঝেই ভোট দেবেন তাঁরা, এমনটাই মনে করছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অনেক নেতা। সবদিক ভেবেচিন্তে পা ফেলতে চাইছেন ‘খাম’ চিহ্নের নেতারা। আবার এমন তথ্য সামনে এসেছে যে, তৃণমূলের বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলার বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। বিজেপির দয়ায় টিকিট পেলে তাঁদের ভোটে জেতার সম্ভাবনা বেশি থাকবে বলেই ভাবছেন তাঁরা।