নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কামারহাটির মাফিয়া জয়ন্ত সিংয়ের পেল্লাই বাড়ি ভাঙার নির্দেশকে ঘুরপথে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হল। সোমবার প্রকাশকুমার সিং নামের এক ব্যক্তি জয়ন্তর বাড়ি ভাঙার সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। আবেদনটি গ্রহণ করেছে ডিভিশন বেঞ্চ। মামলাকালীর অভিযোগ, তিনি জয়ন্তর ওই বাড়ির একজন বাসিন্দা। তাঁর অভিযোগ, আইন মেনে পুরসভা বাড়ি ভাঙার কাজ করছে না। ২০১৮ সালের পুর আইন অনুযায়ী, বাড়ি ভাঙার যে নির্দেশ জারি করা হয়েছে, সেখানে বাসিন্দাদের বক্তব্য রাখার অধিকার রয়েছে। সেই সুযোগ না দিয়েই বাড়িটি ভাঙার নোটিস জারি করা হয়েছে। দশদিনের মধ্যে ওই বাড়িটি খালি করার জন্যও নোটিস দিয়েছে পুরসভা। কিন্তু আইন থাকলেও তাঁর বক্তব্য শোনা হচ্ছে না।



