সংবাদদাতা, ময়নাগুড়ি: তিন বছর হয়ে গিয়েছে ময়নাগুড়ি পুরসভার বোর্ড গঠনের। তবে কাউন্সিলারদের দপ্তর ভাগ করে দেওয়া হয়নি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে রাজ্য থেকে পুর চেয়ারম্যান অনন্তদেব অধিকারীর কাছে চেয়ারম্যান-ইন-কাউন্সিল বা সিআইসি গঠন করার চিঠি এসেছে। কিন্তু এখনও দায়িত্ব বণ্টন করা হয়নি কাউন্সিলারদের মধ্যে।
পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৬টি তৃণমূল কংগ্রেসের দখলে। একটি রয়েছে নির্দলের কব্জায়। ২০২২ সালের ১৭ মার্চ বোর্ড গঠন হয়। চেয়ারম্যান হন অনন্তদেব অধিকারী। এই পুরসভা ‘ডি’ ক্যাটাগরির। বর্তমানে প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজকর্ম হলেও সবটাই চেয়ারম্যানের তত্ত্ববধানে হচ্ছে। চেয়ারম্যানের দাবি, সিআইসি গঠন হলে তাঁর উপর চাপ কমবে। তিনি বলেন, পুরদপ্তর থেকে সিআইসি গঠনের চিঠি এসেছে। দপ্তর ভাগ করার বিষয়টি দেখছি। কাউন্সিলারদের মধ্যে দ্রুত দপ্তর ভাগ করে দিতে বৈঠক ডাকা হবে।
পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোবিন্দ পাল বলেন, দপ্তর ভাগ করে দায়িত্ব বণ্টন করে দিলে কাউন্সিলারদের দায়বদ্ধতা বাড়বে। আশা করি, আরও ভালো এবং মসৃণভাবে কাজ হবে। আমরাও চাই, দপ্তর বণ্টনটি দ্রুত হোক।