Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চা বাগানের নন ওয়ার্কার শ্রমিকদেরও পিএফের আওতায় আনতে তোড়জোড়

চা বাগানের নন ওয়ার্কার শ্রমিকদেরও পিএফের আওতায় আনতে তোড়জোড়
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে উত্তরের চা বাগানগুলির নন ওয়ার্কার শ্রমিকদের জন্য রাজ্য সরকারের মাস্টার স্ট্রোক। তাঁদের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনতে চলেছে রাজ্য। এঁদের সামাজিক সুরক্ষা স্কিমের আওতায় এনে পিএফের টাকা দেবে রাজ্য সরকারই। তারজন্য শ্রমদপ্তর বাগানে বাগানে শিবির করে নন ওয়ার্কারদের নাম নথিভুক্তকরণের কাজ শুরুও করে দিয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের চা শ্রমিক সংগঠন রাজ্য সরকারের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অ্যাখ্যা দিয়েছে। যদিও বিরোধীদের অভিযোগ, ছাব্বিশের ভোটের দিকে তাকিয়ে ভাঁওতা দিতেই রাজ্যের এই উদ্যোগ। 
Advertisement
১৯৯৮ সালে চা বাগানকে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত করা হয়। তারপরেও বাগানের শ্রমিকরা সহ নাগরিক হতে পারেননি বলে বিভিন্ন মহলের অভিযোগ। পঞ্চায়েতে যুক্ত হলেও শ্রমিকদের কাছে কোনও সরকারি পরিষেবা পৌঁছত না। নাগরিক পরিষেবার জন্য শ্রমিকদের মালিকপক্ষের মুখাপেক্ষী হয়েই থাকতে হতো। ২০১১ সালে রাজ্যে পালা বদলের পর ছবিটা পাল্টে যায়। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বাংলা আবাস সহ সব পরিষেবাই মিলছে শ্রমিকদের। সঙ্গে যোগ হয়েছে চা সুন্দরী প্রকল্পও। এবার তারসঙ্গে যুক্ত হচ্ছে নন ওয়ার্কার শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনা। রাজ্যের এই উদ্যোগে শ্রমিক মহল্লাগুলিতে খুশির হাওয়া ছড়িয়েছে। 
তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, এটা রাজ্য সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। আমাদের সরকারের আমলে বাগানের শ্রমিকরাও সহ নাগরিক হয়ে উঠেছেন। নন ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার আওতায় আনার উদ্যোগ তারই একটা। 
যদিও বিজেপির আলিপুরদুয়ারের জেলা সভাপতি এমপি মনোজ টিগ্গা বলেন, রাজ্যের কোষাগারে এত টাকা কোথায়? আসলে ’২৬ সালের ভোটের দিকে তাকিয়ে নন ওয়ার্কার শ্রমিকদের ভাঁওতা দিতেই তৃণমূল সরকার এই লোক দেখানো উদ্যোগ নিয়েছে। 
শ্রম আইন মোতাবেক বাগানের নন ওয়ার্কার শ্রমিকরাও ‘নির্মাণ কর্মী’ হিসেবে বিবেচিত হন। শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের সহকারী শ্রম কমিশনার অমিত দাস বলেন, নন ওয়ার্কার শ্রমিকদের রাজ্য সরকারের এই সামাজিক সুরক্ষার আওতায় আনতে বাগানে বাগানে শিবির করার কাজ শুরু হয়েছে। জেলার ৬১টি বাগানেই শিবির হবে। শিবিরে শ্রমিকদের নাম নথিভুক্ত করা হচ্ছে। এই স্কিমে তাঁদের রাজ্য থেকে পিএফ অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে। 
শ্রমদপ্তর জানিয়েছে, এই স্কিমে বাগানের নন ওয়ার্কার শ্রমিকদের পিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে ৫৫ টাকা করে বছরে ৬৬০ টাকা জমা হবে। কাজ করতে করতে বাগানের কোনও নন ওয়ার্কার শ্রমিক দুর্ঘটনায় মারা গেলে তাঁর পরিবার এককালীন দু’লক্ষ টাকা পাবে। স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে মিলবে ৫০ হাজার টাকা।
সম্পর্কিত সংবাদ