Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ সামনে ইউনাইটেড কলকাতা, ডুরান্ড ডার্বি জয় তাতাচ্ছে সায়নদের

মোহন বাগান ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে ডুরান্ড ডার্বিতে মাঠে নামছে। জয় পেলে লিগে আরও উপরে উঠবে তারা। বিস্তারিত পড়ুন।

আজ সামনে ইউনাইটেড কলকাতা, ডুরান্ড ডার্বি জয় তাতাচ্ছে সায়নদের
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপে দারুণ শুরু করেছে মোহন বাগান। এবার ফোকাসে ঘরোয়া লিগ। মঙ্গলবার ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে নামছে বাস্তব রায়ের দল। তার আগে সিনিয়রদের বড়ো ম্যাচে জয় তাতাচ্ছে সবুজ-মেরুন বাহিনীর জুনিয়রদের। ঘরের মাঠে তিন পয়েন্ট তুলে নিতে পারলে গ্রুপ টেবিলে আরও উপরে উঠবে সবুজ-মেরুন ব্রিগেড। চলতি মরশুমে কলকাতা লিগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে মোহন বাগান ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্র’য়ের সুবাদে ৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিন নম্বরে রয়েছে তারা। ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে জয় তুলে লিগের লড়াইয়ে আরও ভালো জায়গায় পৌঁছতে মরিয়া মোহন বাগান।

Advertisement

মঙ্গলবারের প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কোচ বাস্তব রায়। বিদ্যাসাগর সিং, জবি জাস্টিনদের মতো অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গড়েছে ইউনাইটেড কলকাতা। তার উপর কালীঘাট এমএসের বিরুদ্ধে খেলা অধিকাংশ সিনিয়র ফুটবলারকে এদিন পাওয়া যাবে না। ফলে সুহেল ভাট, সায়ন ব্যানার্জি ও দীপ্যেন্দু বিশ্বাসদের ওপরই ভরসা রাখতে হচ্ছে বাগান কোচকে। সোমবার সকালে ঘরের মাঠে চূড়ান্ত প্রস্তুতিতে রক্ষণভাগকে আরও সংগঠিত করার ওপর বিশেষ জোর দেন কোচ বাস্তব। একইসঙ্গে আক্রমণভাগের ধার বাড়াতে সুহেল ভাটকে আলাদা করে লক্ষ্যভেদের অনুশীলনও করান তিনি। তবে বাগান শিবিরের সবচেয়ে বড় ভরসা তরুণ তুর্কি সায়ন ব্যানার্জি। মরশুমের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। বাঁ প্রান্তে তাঁর গতি ও আক্রমণাত্মক ফুটবলকে কাজে লাগিয়ে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাইছে মোহন বাগান। অন্যদিকে, শেষ ম্যাচে ভবানীপুরের কাছে ৪-০ গোলে হেরে আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছে ইউনাইটেড কলকাতা। তবে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে তারা। দলের কোচ ইয়ান ল বলেন, ‘মোহন বাগান বড়ো দল। তবে আমরাও লড়াই করার জন্য প্রস্তুত।’
 মোহন বাগান মাঠে ম্যাচ শুরু বিকেল ৩টে।
সরাসরি সম্প্রচার স্পোর্টস ১০ অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ