নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা লিগে শনিবার ফের মাঠে নামছে মোহন বাগান। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ রেলওয়ে এফসি। লিগ টেবিলে ৮ ম্যাচে কিয়ানদের পয়েন্ট ১৬। সুপার সিক্স এখনও অনিশ্চিত। তবে রেলকে বেলাইন করতে পারলেই ওয়েটিং লিস্ট থেকে কনফার্ম তালিকায় ঢুকে পড়বে বাস্তব রায়ের দল। সেই সুযোগ কোনোমতেই হাতছাড়া করতে নারাজ টিম-ম্যানেজমেন্ট। উল্লেখ্য, গত ম্যাচে সুহেল ভাটের হ্যাটট্রিকের সৌজন্যে হোসে রামিরেজ ব্যারেটোর জর্জ টেলিগ্রাফকে হাফ ডজন গোলে বিধ্বস্ত করেছিল মোহন বাগান। রেলের বিরুদ্ধেও বড়ো ব্যবধানে জয় চায় গঙ্গাপাড়ের ক্লাব।
শুক্রবার সকালে মোহন বাগান তাঁবুতে সাহাল ও মনবীরকে দেখে অনেকেই অবাক। কিয়ানদের সঙ্গে প্রস্তুতিও সারলেন দুই তারকা। তবে কি রেলওয়ে এফসি’র বিরুদ্ধে মনবীরদের খেলানো হবে? অনেকেরই মত, তারকাদের তুলোয় মুড়ে না রেখে লিগে খেলানো হোক। তাতে ফিটনেস বাড়বে। তার উপর ৫ সেপ্টেম্বর লিগের ডার্বি আয়োজনের ভাবনা আইএফএ’র। বড়ো ম্যাচে মোহন বাগান থিঙ্কট্যাঙ্ক কয়েকজন সিনিয়রকে নামালেও অবাক হওয়ার থাকবে না। খেতাবের লক্ষ্যে চলতি মরশুমে বেশ শক্তিশালী দল গড়েছে টিম ম্যানেজমেন্ট। সায়ন, কিয়ান. অভিষেক, সুহেলদের নিয়ে খাতায় কলমে অন্যতম ফেভারিট বাস্তবের দল। কিন্তু খিদিরপুরের বিরুদ্ধে আটকে যান কিয়ানরা। এরপর ভবানীপুর ও কাস্টমসের কাছে জোড়া হারের ধাক্কায় টালমাটাল হয়ে পড়েছিল পালতোলা নৌকা ব্রিগেড। সেই ধাক্কা সামলে আপাতত কিছুটা চাঙ্গা মোহন বাগান। প্রতিপক্ষ রেলওয়ে এফসি একদা জায়ান্ট কিলার। তবে সেই সুনাম অনেকটাই ফিকে। তারক হেমব্রম, সজল বাগের মতো পরিচিত মুখ দলের ভরসা।
এদিকে, ঘরোয়া লিগে কোল ইন্ডিয়ার কাছে ০-২ গোলে হারল মহমেডান স্পোর্টিং। বারাসাতে কোল ইন্ডিয়ার দুই গোলদাতা আজহারউদ্দিন মল্লিক ও জসকরনপ্রীত সিং। ম্যাচের ২৪ ঘণ্টা আগেই দায়িত্ব ছাড়েন মহমেডান কোচ মেহরাজউদ্দিন। ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলার জেরেই তাঁর এই সিদ্ধান্ত। আর সেই ধাক্কায় জেরবার সাদা-কালো ব্রিগেড। নতুন কোচের সন্ধান চলছে।
ম্যাচ শুরু বিকেল তিনটেয়।
সম্প্রচার নম্বর টেন অ্যাপে।