Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

সুপার সিক্সে পৌঁছাল ইস্ট বেঙ্গল, সোমবার কলকাতায় লাল-হলুদের ক্রোট ডিফেন্ডার জিভুলিচ

ডার্বির আগেই সুপার সিক্সে জায়গা পাকা ইস্ট বেঙ্গলের! রবিবার ঘরের মাঠে কাস্টমসকে ২-০ ব্যবধানে বশ মানিয়েছে লাল-হলুদ ব্রিগেড।

সুপার সিক্সে পৌঁছাল ইস্ট বেঙ্গল, সোমবার কলকাতায় লাল-হলুদের ক্রোট ডিফেন্ডার জিভুলিচ
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইস্ট বেঙ্গল-২                                  :                          কাস্টমস-০

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডার্বির আগেই সুপার সিক্সে জায়গা পাকা ইস্ট বেঙ্গলের! রবিবার ঘরের মাঠে কাস্টমসকে ২-০ ব্যবধানে বশ মানিয়েছে লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের দুই গোলদাতা মনোতোষ মাঝি ও আকাশ হেমব্রম। সেই সুবাদে ৯ ম্যাচে লাল-হলুদের সংগ্রহ ২৩ পয়েন্ট। তবে ম্যাচ জিতলেও দর্শকদের মন ভরাতে ব্যর্থ তন্ময়-উত্তমরা। দ্বিতীয়ার্ধে মিস পাসের বন্যা নিশ্চিতভাবে ডার্বির আগে চিন্তায় রাখবে কোচ অর্চিষ্মান বিশ্বাসকে।
এদিন ১ পয়েন্ট পেলেই সুপার সিক্সে জায়গা পাকা হত ইস্ট বেঙ্গলের। তবে ড্র নয়, জয়ের লক্ষ্যেই চাপ বাড়ান বিজয়, আকাশরা। চতুর্থ মিনিটেই আসে লিড। তন্ময়ের পাস ধরে বিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ মনোতোষ মাঝির (১-০)। এরপর ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ আসে। কিন্তু অনন্থুর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এই পর্বে কাস্টমসকে বেশ সাদামাটা লাগল। বিশ্বজিৎ ভট্টাচার্যের দল চলতি লিগে মোহন বাগানকে হারিয়েছে। কিন্তু সাম্প্রতিক কয়েকটি ম্যাচে সেই ফর্ম উধাও অফিস দলটির। ৩৬ মিনিটে ২-০। ডান দিক থেকে উঠে আসা বিজয়ের প্রাথমিক প্রয়াস ব্যর্থ হয়। বল ক্লিয়ার করতে পারেনি কাস্টমস ডিফেন্স। জটলা থেকে জাল কাঁপান আকাশ হেমব্রম (২-০)। 
বিরতির আগেই ম্যাচ পকেটে। তবু বিরতির পর অজানা কোনও কারণে ইস্ট বেঙ্গলই ছন্নছাড়া হয়ে পড়ল। মাঝমাঠে মিস পাসের ফুলঝুরি দেখে বিরক্ত অনুরাগীরাই। সামনেই ডার্বি। মর্যাদার ম্যাচের আগে কোচ অর্চিষ্মানের সতর্ক হওয়া উচিত। ৭২ মিনিটে মনোরঞ্জন সিং দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জন হয়ে পড়ে কাস্টমস। সেই পর্বেও চেনা ছন্দে দেখা গেল না ইস্ট বেঙ্গলকে। ম্যাচের পর কোচ লাল-হলুদ কোচের মন্তব্য, ‘ঠাসা সূচির কারণে প্লেয়াররা ক্লান্ত। তাতেই সমস্যা হচ্ছে। তবে ডার্বির আগেই সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পেরে খুশি।’ অন্যদিকে, এই ম্যাচে হারের পর কাস্টমসের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা শেষ। এদিকে, সোমবার শহরে আসছেন ইস্ট বেঙ্গলের নতুন রিক্রুট ক্রোট ডিফেন্ডার জিভুলিচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ