Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

রাহুল ও গিলের সেঞ্চুরি, দাপট ভারতের

আফগানিস্তানের ঘাড়ে রানের পাহাড় চাপাতে চলেছে ভারত। সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনের শেষে দলের স্কোর ৩ উইকেটে ৩৬৮।

রাহুল ও গিলের সেঞ্চুরি, দাপট ভারতের
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুল্লানপুর: আফগানিস্তানের ঘাড়ে রানের পাহাড় চাপাতে চলেছে ভারত। সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনের শেষে দলের স্কোর ৩ উইকেটে ৩৬৮। তিন অংকের ঘরে পৌঁছে লোকেশ রাহুল (১০০) ফিরলেও অপরাজিত রয়েছেন আর এক শতরানকারী শুভমান গিল (১০৩)। সাই সুদর্শন (৮১) অবশ্য নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করেছেন। ক্রিজে ক্যাপ্টেন গিলের সঙ্গী ঋষভ পন্থ (অপরাজিত ৫০)। রবিবার তাঁর সামনে বড়ো ইনিংসের সুযোগ থাকছে। একমাত্র যশস্বী জয়সওয়ালই (২৪) যা হতাশ করলেন।

Advertisement

প্রচণ্ড গরমের মধ্যে টস জিতে ব্যাটিং নিয়ে আসল কাজটা সেরেছিলেন গিল। সেই সিদ্ধান্তের প্রতি মর্যাদা দিয়েই দুই ওপেনার শক্তিশালী ভিত গড়েন। যশস্বী ফেরার পর দ্বিতীয় উইকেটে সুদর্শন ও রাহুল যোগ করেন ১৩৯ রান। তুলনায় বেশি আক্রমণাত্মক ছিলেন তিন নম্বরে নামা বাঁ-হাতি। কোচ গৌতম গম্ভীরের আস্থার মর্যাদা রেখে উপভোগ্য ব্যাটিং উপহার দেন সুদর্শন। ১৩টি চারে সাজানো তাঁর ইনিংস।
রাহুল অবশ্য কোনো তাড়াহুড়ো করেননি। সকালে একবার খোঁচা দিয়েও বেঁচে যান। রিভিউ নেননি আফগান ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদি। সেই সুযোগ কাজে লাগিয়ে ধীরেসুস্থে তিন অংকের রানে পৌঁছান তিনি। তাঁর দ্বাদশ টেস্ট সেঞ্চুরিতে রয়েছে ১১টি চার। শতরানের পরের বলেই আউট রাহুল। দিনের শেষে তিনি বলেন, ‘প্রচণ্ড গরম ছিল। শুরুতে পিচে পড়ে বল আসছিল না। মানিয়ে নেওয়া সহজ ছিল না।’
গিলকে দেখে মনে হচ্ছিল, চড়ুইভাতির মেজাজে ব্যাট করছেন। ৬৮ বলে আসে পঞ্চাশ। সেঞ্চুরির জন্য লাগে ১৩৮ বল। ১১টি চার ও একটি ছয় মারেন তিনি। রাহুল ফেরার পর পন্থের সঙ্গে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ১২১ রান তুলেছেন ইতিমধ্যে। ক্লান্ত আফগান বোলিংকে নিয়ে কার্যত ছেলেখেলাই করেন দু’জনে। পন্থ এক ওভারে মারেন তিনটি ছক্কাও। দিনের শেষ ওভারে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। আইপিএলের ব্যর্থতা ও হতাশা কাটিয়ে ওঠার হাতছানি পন্থের সামনে। এদিকে, এদিন ভারতের হয়ে অভিষেক ঘটে রাজস্থানের অলরাউন্ডার মানব সুথারের।

Advertisement
সম্পর্কিত সংবাদ