গিগ কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা বোর্ড গঠন কেন্দ্রের
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীপাবলির উপহার! অসংগঠিত এবং ‘গিগ’ কর্মীদের জন্য জাতীয় সামাজিক সুরক্ষা বোর্ড গঠন করল কেন্দ্রীয় সরকার। বছরে তিনবার করে ওই বোর্ডের সদস্যরা মিটিং করবেন। দেশের প্রত্যেক অসংগঠিত কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শ্রমমন্ত্রক জানিয়েছে, শ্রম কোডের নিয়ম মেনেই এসংক্রান্ত বিষয়ে বোর্ড গঠন করা হয়েছে। কিন্তু দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা একটিই প্রশ্নের উত্তর জানতে চাইছেন। শ্রম কোড আইন হিসাবে কার্যকর হয়েছে। জাতীয় সামাজিক সুরক্ষা বোর্ডও গঠন হয়েছে। কিন্তু বাস্তবে তাঁরা ইপিএফ, ইএসআইয়ের মতো সামাজিক সুরক্ষা পরিষেবা কবে পাবেন? এব্যাপারে অবশ্য নির্দিষ্ট কোনো নির্দেশ দিতে পারেনি নরেন্দ্র মোদি সরকার। 

Advertisement

শ্রম কোড আইন কার্যকরের পর থেকেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শুধুমাত্র দেশের সংগঠিত ক্ষেত্রের কর্মচারীরাই নন। এবার থেকে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক-কর্মীরাও সামাজিক সুরক্ষা পরিষেবার আওতায় থাকবেন। এই আওতায় থাকবেন দেশের ‘গিগ’ এবং ‘প্ল্যাটফর্ম’ কর্মীরাও। অর্থাৎ, প্রধানত অনলাইন ডেলিভারি পরিষেবার সঙ্গে যুক্ত শ্রমিক, কর্মচারীরা। শুক্রবার শ্রমমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক-কর্মচারীদের জন্য কীভাবে উপযুক্ত কর্মসূচি তৈরি করা যায়, সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে যথাযথ পরামর্শ এবং সুপারিশ করবেন বোর্ডের সদস্যরা। 
এরই পাশাপাশি কোনো কর্মসূচির বাস্তবায়নে যদি প্রশাসনিক 
জটিলতা তৈরি হয়, তাহলে তার সুরাহার বন্দোবস্তও করতে হবে ওই বোর্ডকে। অসংগঠিত শ্রমিক-কর্মচারীরা ঠিকমতো সামীজিক সুরক্ষা পরিষেবা পাচ্ছেন কি না, তাও নজরে রাখতে হবে সংশ্লিষ্ট বোর্ডকে। একইসঙ্গে বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকারি কর্মসূচিগুলি ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কি না, তাও দেখতে হবে।