Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

‘হাওলা’র নয়া কৌশল ঠেকাতে পাঠ দেবে কেন্দ্র

হাওলা কারবারের চেনা পদ্ধতি এখন অতীত। গোটা কারবারটাই আজ ডিজিটাল বেসড। ক্রিপ্টো কারেন্সি বা আমদানি-রপ্তানির আড়ালে টাকা পাচারের ঘটনা বেড়েছে গোটা দেশে।

‘হাওলা’র নয়া কৌশল ঠেকাতে পাঠ দেবে কেন্দ্র
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: হাওলা কারবারের চেনা পদ্ধতি এখন অতীত। গোটা কারবারটাই আজ ডিজিটাল বেসড। ক্রিপ্টো কারেন্সি বা আমদানি-রপ্তানির আড়ালে টাকা পাচারের ঘটনা বেড়েছে গোটা দেশে। হুন্ডি কারবারের এই নতুন রূপ নিয়ে রাজ্যের তদন্তকারী এজেন্সিগুলিকে অবহিত করতে প্রশিক্ষণের আয়োজন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী মাসে উত্তর-পূর্ব ভারতে এই প্রশিক্ষণ শিবির হবে। পশ্চিমবঙ্গসহ নানা রাজ্য আমন্ত্রণ পেয়েছে। বছর দশেক আগেও হাওলার মাধ্যমে টাকা পাচারের জন্য ম্যানুয়াল সিস্টেমই ছিল ভরসা। এই পদ্ধতিতে শুধু ব্যবসায়ীরা নয়, জঙ্গি সংগঠনও তাদের স্লিপার সেলের কাছে টাকা পাঠায়। তাই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির নজর রয়েছে এতে। এতদিন চিরকুটে কোড আদানপ্রদানের মাধ্যমে চলত টাকা আদান-প্রদান। কিন্তু এই পদ্ধতি বিভিন্ন তদন্তকারী সংস্থা জেনে গিয়েছে। মোবাইল ট্র্যাক করে কলকাতাসহ বহু রাজ্য থেকে উদ্ধার হয়েছে টাকা। এজেন্সির ধরা ছোঁয়ার বাইরে থাকতে হাওলা কারবারিরা কৌশল বদলে ফেলেছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে আসা তথ্য অনুযায়ী, হাওলা কারবার এখন ডিজিটাল! ব্যাংকিং ব্যবস্থাকে এড়িয়ে ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে বিদেশে টাকা পাচার হচ্ছে। খোলা হচ্ছে ক্রিপ্টো অ্যাকাউন্ট। অ্যাকাউন্টগুলি খোলা হচ্ছে এমন ব্যক্তিদের নামে যাদের খুঁজে পাওয়া কঠিন। ক্রিপ্টো কেনার জন্য ব্যবহার করা হচ্ছে ভাড়ার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলিতে নগদ জমা হচ্ছে। এরপর ক্রিপ্টো টাম্বলার সফটওয়্যার ব্যবহার করে মুছে ফেলা হচ্ছে লেনদেনের ইতিহাস। ফলে হাওলা কারবারের সূত্রই খুঁজে পাচ্ছেন না গোয়েন্দারা। বিভিন্ন এজেন্সির কাছে আসা তথ্য অনুযায়ী, ভারত বা নেপালে চলা ক্যাসিনো বা অনলাইন বেটিং অ্যাপে নগদ ঢুকছে ব্যবসায়ীদের। তারপর  ডিজিটাল লেনদেনের মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট ঘুরে তা বদলে যাচ্ছে ক্রিপ্টোতে। এর চূড়ান্ত গন্তব্য দুবাই বা পশ্চিম এশিয়ার কোনো দেশ। এর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক ব্যবসার নামে কাগুজে কোম্পানি খুলে ভুয়ো আমদানি-রপ্তানি। হাওলা কারবারীদের এই কৌশলের সঙ্গে পাল্লা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বিভিন্ন এজেন্সিকে। তারা টাকার ট্রেলও খুঁজে পাচ্ছে না। ফলে বিভিন্ন রাজ্যের তদন্তকারী সংস্থাগুলিকে এই নতুন কৌশল সম্পর্কে পাঠদান এবং আরও বেশি প্রযুক্তিনির্ভর করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতসহ বিভিন্ন দেশে হাওলা কারবারের পরিসংখ্যানও তুলে ধরা হবে। এর সঙ্গে গুরুত্ব পাবে তথ্য আদানপ্রদান ও সমন্বয়ের দিকটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ