নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিক্ষকদের বড়ো অংশের পাঠদানের মানোন্নয়নে কি ঘাটতি দেখা দিয়েছে? এপ্রশ্নকে কেন্দ্র করে সম্প্রতি তুমুল চর্চা শুরু হয়েছে। এই আবহেই দেশজুড়ে প্রায় ৬০ লক্ষ শিক্ষক-শিক্ষিকার প্রশিক্ষণের ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। শিক্ষামন্ত্রকের আওতায় থাকা এনসিইআরটির মাধ্যমেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রাথমিকভাবে প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবককে ট্রেনিং দেবে এনসিইআরটি। পরবর্তী ক্ষেত্রে ওই স্বেচ্ছাসবেকরাই যুক্ত হবেন শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের কাজে। শিক্ষামন্ত্রক সূত্রে একথা জানানো হয়েছে।
সূত্রের খবর, সরকারি, সরকার পোষিত এবং বেসরকারি বিভিন্ন স্কুলে পাঠদান সংক্রান্ত অভিযোগ নিয়মিতভাবে আসছে । তা নিয়ে পড়ুয়া এবং অভিভাবকদের অসন্তোষও বাড়ছে। মূলত তা সামাল দিতেই এহেন উদ্যোগ নিচ্ছে মোদি সরকার। এই লক্ষ্যে রাজ্যে রাজ্যে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলার ব্যাপারে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে শিক্ষামন্ত্রক। তবে একইসঙ্গে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে, শুধুমাত্র পাঠদান নিয়ে অভিযোগ সামাল দেওয়াই একমাত্র উদ্দেশ্য নয়। এনসিইআরটির সংশোধিত পাঠ্যসূচি সম্পর্কে শিক্ষক-শিক্ষিকাদের সম্পূর্ণরূপে অবগত করানোও এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য। সংশোধিত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠদান, ছাত্রছাত্রীদের মূল্যায়ন সম্পর্কে শিক্ষক-শিক্ষিকাদের ওয়াকিবহাল করতেই এই বিশেষ উদ্যোগ। প্রাথমিকভাবে যে স্বেচ্ছসেবকদের এই কাজের জন্য বাছা হয়েছে, তাঁদের পোশাকি নাম ‘কি রিসোর্স পার্সনস’ বা কেআরপি। খুব শীঘ্রই এসংক্রান্ত প্রশিক্ষণ পর্ব শুরু হতে চলেছে সারা দেশেই।
জানা যাচ্ছে যে, কেন্দ্রীয় সরকারি প্রকল্প ‘নিষ্ঠা’র অধীনেই এই কর্মসূচির বাস্তবায়ন চলবে। এমনিতেই সংশোধিত পাঠ্যসূচি সংবলিত ২০২৭-২৮ শিক্ষা বছরের দশম শ্রেণির পাঠ্যপুস্তক নিয়ে উৎসাহ রীতিমতো তুঙ্গে রয়েছে অভিভাবক মহলের। আগামী মাসের শেষেই দশম শ্রেণির ওই নতুন পাঠ্যবই প্রকাশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন, ২০২৩ (এনসিএফ-এসই) মেনেই তা প্রকাশ করা হচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, নতুন শিক্ষা বছর শুরুর কিছু আগে এই পাঠ্যবই হাতে তুলে দিলে আদতে ছাত্রছাত্রীদেরই সুবিধা হবে। এমন প্রেক্ষাপটেই তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের বিষয়। এর ফলে সংশোধিত পাঠ্যসূচি সম্পর্কে যেমন তাঁরা ওয়াকিবহাল হবেন, তেমনই সার্বিকভাবে পাঠদানের মানোন্নয়নও হবে।



