নয়াদিল্লি: চলতি বছরের জুলাই ও সেপ্টেম্বর মাসে বেটিংয়ে অভিযুক্ত ১২৯টি ওয়েবসাইটকে ব্লক করার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দিয়েছিল ভারতের টেলিকমিউনিকেশন দপ্তর (ডিওটি)। রাজস্থান ও এলাহাবাদ হাইকোর্টের দুটি রায়ের উপরে ভিত্তি করে এমন নির্দেশ দেওয়া হয়েছিল। সম্প্রতি সংবাদসংস্থার একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে, আদালতের এই দুটি রায়ই আদতে জাল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। রাজস্থান হাইকোর্টের পক্ষ থেকেও জানানো হয়েছে, ব্যবহার করা রিপোর্টটি ‘প্রতারণামূলক’। আদালতের নামে জারি হওয়া ভুয়ো নির্দেশ কীভাবে সরকারি সিস্টেম ও আধিকারিকদের নজর এড়িয়ে গেল। বা কীভাবে জাল কোর্ট নথির ভিত্তিতে সরকার ওয়েবসাইট ব্লকের নির্দেশ দিল, সেই প্রশ্ন উঠছে। এবিষয়ে টেলিকম দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে দাবি সংবাদ সংস্থার।
সংবাদ সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, কেন্দ্রীয় সরকারের তরফে গত ২১ জুলাই ও ২ সেপ্টেম্বর ওয়েবসাইট ব্লকের নির্দেশ এসেছিল। সেখানে যুক্ত করা হয়েছিল দুই হাইকোর্টের রায়ের কপি। তবে সেগুলির কোনো বাস্তব অস্তিত্বই নেই। রাজস্থান হাইকোর্টের রেজিস্ট্রার জানিয়েছেন, ই-মেইলে থাকা নথিতে যে রায়ের কথা উল্লেখ করা হয়েছে, তা আদালতের সার্ভারে নেই।
এলাহাবাদ হাইকোর্টের পক্ষ থেকেও জানানো হয়েছে, ১৪ আগস্টের যে রায়ের কথা উল্লেখ করা হয়েছে, তা ভুয়ো। গত ৬ নভেম্বর প্রতারণার অভিযোগও দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশও। যদিও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাহাবাদ হাইকোর্টের ওই জাল নির্দেশে আদালতের লোগো, সিলের পাশাপাশি রয়েছে কিউআর কোডও। উল্লেখ করা হয়েছে, বিচারপতি গরিমা প্রসাদ এই রায় দিয়েছেন। যদিও সংশ্লিষ্ট বিচারপতির অফিস জানিয়েছে, এমন কোনো রায়ই দেওয়া হয়নি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জাল নথিগুলি তৈরি করা হয়েছিল কী না, তা অবশ্য জানানো হয়নি।



