নয়াদিল্লি: লাদাখের ২৮টি গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গাকে সরকারি মানচিত্রে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি বিবৃতি অনুযায়ী, মোট ২৮টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের নাম নির্ধারিত হয়েছে। ভারতের সার্ভে বিভাগের সরকারি মানচিত্রে নির্দিষ্ট ও স্বীকৃত নামেই এগুলি চিহ্নিত করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট স্থানগুলির সঠিক পরিচিতি নিশ্চিত করা এবং সংবেদনশীল সীমান্ত অঞ্চল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব হবে বলে জানিয়েছে কেন্দ্র। তালিকায় থাকা গোগরা ও হট স্প্রিং পূর্ব লাদাখের গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। ২০২০ সালে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত উত্তেজনার সময় এই দুই এলাকাও সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। লাদাখের সীমান্তে ভারতীয় সেনার টহলের ক্ষেত্রেও এই এলাকাগুলির গুরুত্ব রয়েছে। সরকারি মানচিত্রে চিহ্নিত করা অন্যান্য স্থানগুলির মধ্যে রয়েছে আলিশা গিরি নামে একটি উচ্চপর্বত, ব্রাংসা, চ্যাপচিংগাল পাস, কানিষ্কা পিক, কারুণ পির পর্বত, কুকসেল, মার্তণ্ড গিরি, পারপিক হিমবাহ, স্কামরি হিমবাহ, শাচমিরিক পাস, শকোরগা উপত্যকা, জোরাওয়ার পিক, ডেহরা কম্পাস এবং দ্রাক কার্পো। এছাড়া রয়েছে জোলমোরি, কুমারায়ানা পয়েন্ট, পাংলুং, রিনচেন জাংপো, শাক্যশ্রী গিরি সহ গুরুত্বপূর্ণ এলাকা।



