নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদেশ থেকে ডিগ্রি নিয়ে নাকি ঝাঁকে ঝাঁকে পড়ুয়া আসছে ভারতে! তাই বিদেশি ডিগ্রিগুলিকে এদেশে মান্যতা দিতে গেজেট নোটিফিকেশন করে গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র। ইউজিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কিছু শর্ত পালন করলে বিদেশি ডিগ্রিগুলিকে এদেশের সমতুল ডিগ্রির মর্যাদা দেওয়া হবে। শুধুমাত্র উচ্চশিক্ষায় নয়, স্কুলশিক্ষাকেও মান্যতা দেওয়া হবে। একটি নির্দিষ্ট রিভিউ কমিটি আবেদন খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। সূত্রের খবর, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বা মেডিক্যাল শিক্ষার সর্বোচ্চ নিয়ামক সংস্থাগুলির আগাম অনুমোদনও এক্ষেত্রে গুরুত্ব পাবে না। এমনকী, কেন্দ্রীয় সরকার বা ইউজিসির মাধ্যমে হওয়া স্টুডেন্ট এক্সচেঞ্জ, ডুয়াল বা টুইন ডিগ্রির ক্ষেত্রে আবেদন ছাড়াই সমতুল মর্যাদা মিলবে। প্রসঙ্গত, বিদেশি ডিগ্রি নিয়ে এদেশে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ ছিল। বিশেষ করে মেডিক্যালের ক্ষেত্রে তা রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় প্রচুর মেডিক্যাল পড়ুয়া ভারতে ফিরে আসেন। তাঁদের এদেশের স্বীকৃত মেডিক্যাল পরিকাঠামোয় অন্তর্ভুক্ত করতে অনেক কাঠখড় পোড়াতে হয়। অনেকাংশেই ব্যর্থও হয় সেই প্রক্রিয়া। তবে নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য মুড়ি-মিছরি একদর করে দেওয়া হবে কি না, সেই আশঙ্কাও করছে শিক্ষামহল।



