কথা রাখেনি কেন্দ্র, ২৬শে দিল্লিতে ফের কৃষক বিক্ষোভ
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকার বিরোধী কর্মসূচিতে আগামী সপ্তাহেই ফের উত্তাল হতে পারে দিল্লি। দিল্লির সীমানায় কৃষক আন্দোলনের ছ’বছর পূর্তিতে দেশের রাজধানী শহরে ব্যাপক বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। নয়াদিল্লির মন্দির মার্গ থেকে বিক্ষোভ মিছিল করে যন্তরমন্তরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছে আন্দোলনকারীরা। যন্তরমন্তরে মিছিল শেষে ওখানেই অবস্থান ধর্না শুরু করা হতে পারে। তেমনই পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষকদের এই কর্মসূচি রয়েছে আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার। তাৎপর্যপূর্ণ বিষয় হল যে, ২৬ নভেম্বরের ওই কর্মসূচিতে একইসঙ্গে যোগ দিতে চলেছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি এবং জেন জি। একইসঙ্গে কর্মসূচিতে অংশ নিতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলিও। স্বাভাবিক কারণেই সপ্তাহখানেক আগে থেকেই দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। বিক্ষোভ আন্দোলনের জন্য সরকার নির্ধারিত স্থান হিসাবে দিল্লির যন্তরমন্তরকে আগেই ‘ডি নোটিফাই’ করেছে কেন্দ্র। এর ফলে স্বাভাবিক নিয়মেই আন্দোলনকারী কৃষক, শ্রমিক-কর্মচারীদের ওইদিন যন্তরমন্তর অভিমুখী মিছিল এগতে বাধা দেবে পুলিশ। সর্বভারতীয় কৃষক নেতৃত্বের একাংশের আশঙ্কা, কর্মসূচি শুরুর আগেই তাদের গৃহবন্দি করে রাখা হতে পারে। ‘ককরোচ’দের সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভে বিভিন্ন সময় ঠিক যে ছবি দেখা গিয়েছে। 

Advertisement

সংযুক্ত কিষান মোর্চার অভিযোগ, ‘১ হাজার ৮০০ দিনেরও বেশি কেটে গিয়েছে। নরেন্দ্র মোদি সরকার কথা রাখেনি। ফসলের সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার মতো লিখিত প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা হয়নি। কৃষক আন্দোলনকে স্থগিত করার উদ্দেশ্যে একের পর এক আশ্বাসের টোপ দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। অথচ কোনো প্রতিশ্রুতি পালন হয়নি। এই অপমান কৃষকরা ভুলবে না।’ এব্যাপারে ইতিপূর্বেই খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে তাঁকে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারী কৃষকরা। এহেন আবহেই বুধবার কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ রদবদল করেছে সারা ভারত কিষান সভা। সভাপতি হয়েছেন অশোক ধাওয়ালে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিজু কৃষ্ণান। অন্যতম সহ-সভাপতি হয়েছেন হান্নান মোল্লা। -ফাইল চিত্র