Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ন্যূনতম পেনশন বৃদ্ধি ইস্যুতে অনড় কেন্দ্র, চাপ বাড়াতে দিল্লি যাচ্ছেন প্রবীণরা

পিএফে ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে অনড় মনোভাব দেখিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। একাধিক কমিটি পেনশন বৃদ্ধির পক্ষে সওয়াল করলেও তোয়াক্কা করেনি অর্থমন্ত্রক।

ন্যূনতম পেনশন বৃদ্ধি ইস্যুতে অনড়  কেন্দ্র, চাপ বাড়াতে দিল্লি যাচ্ছেন প্রবীণরা
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএফে ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে অনড় মনোভাব দেখিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। একাধিক কমিটি পেনশন বৃদ্ধির পক্ষে সওয়াল করলেও তোয়াক্কা করেনি অর্থমন্ত্রক। বিরোধীরা তো বটেই, বিজেপি সাংসদদের একাংশ এনিয়ে প্রতিবাদে সরব হলেও আমল দেয়নি কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার পেনশন বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর হয়নি। 

Advertisement

এখন সংসদের অধিবেশন চলছে। সেখানেও প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক বুঝিয়ে দিয়েছে, আপাতত তারা ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না। তাই সংসদ অধিবেশন চলাকালীনই প্রতিবাদের আঁচ জোরালো করতে দিল্লিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিলেন পেনশনভোগীরা। ইপিএস-৯৫ পেনশনভোগীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি আগামী ৪ ও ৫ আগস্ট যন্তরমন্তরে বিক্ষোভ দেখাবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৫০ হাজার প্রবীণ নাগরিক সেখানে হাজির হবেন বলে দাবি উদ্যোক্তাদের। 
সংগঠনের রাজ্য শাখার সভাপতি তপন দত্ত জানান, দিল্লির কেন্দ্রীয় সমাবেশ সফল করতে আঞ্চলিকভাবে ছোট ছোট সভা করে পেনশনভোগীদের মনোবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ, রবিবার দুপুরে হাওড়ার সালকিয়ায় এ এস হাইস্কুলে এমনই একটি সমাবেশ হবে। সাড়ে সাত হাজার টাকা ন্যূনতম পেনশন, ডিএ এবং চিকিৎসা পরিষেবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তপনবাবু।

সম্পর্কিত সংবাদ