নিজস্ব প্রতিনিধি, তমলুক: ২০১৭-’১৮ সালের পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ফের মাস্টার ডিগ্রিতে সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস চালু করল। ২০২৫-’২৬ শিক্ষাবর্ষ থেকে এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং অনুমোদিত ডিগ্রি কলেজে পোস্ট গ্র্যাজুয়েট বিষয়ে ভর্তি শুরু হবে। ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট ফ্যাকাল্টি কাউন্সিলের সেক্রেটারি এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। এর ফলে পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি প্রক্রিয়ায় কলেজের কোনও ভূমিকা রইল না।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৩০টির বেশি কলেজে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু আছে। ২০১৭-’১৮ সাল থেকে সংশ্লিষ্ট কলেজ পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি করাত। কোথাও অ্যাডমিশন টেস্ট, আবার কোনও কলেজ স্নাতকে প্রাপ্ত নম্বরের নিরিখে ভর্তি নিত। এই বছর থেকে কলেজের আর কোনও ভূমিকা থাকছে না। বিশ্ববিদ্যালয় এজন্য এন্ট্রান্স টেস্ট নেবে। তার ভিত্তিতেই এবার থেকে পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি হবে।
জানা গিয়েছে, আগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তির জন্য কমন অ্যাডমিশন টেস্ট নিত। তার ভিত্তিতে কাউন্সেলিং হতো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই কাউন্সেলিং প্রক্রিয়ার শেষে বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীদের নামের তালিকা পৌঁছে যেত। এইভাবে ভর্তি হতো। পরবর্তীতে ভর্তি প্রক্রিয়ায় বদল ঘটানো হয়। যেসব কলেজে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু আছে, সেখানে ভর্তি সিস্টেম শুরু হয়। যেমন, কন্টাই পিকে কলেজে ছ’টি, বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে চারটি, মুগবেড়িয়া গঙ্গাধর কলেজে দু’টি, এগরা সারদা শশীভূষণ কলেজে দু’টি, রামনগর কলেজে দু’টি, বেলদা কলেজে সাতটি এবং তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে পাঁচটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পড়ানো হয়। অনার্সে ফাইনাল সেমেস্টারের ফল প্রকাশের পর সংশ্লিষ্ট কলেজ নিজেদের উদ্যোগে মেরিট লিস্ট বানিয়ে ভর্তি করত।
কলেজে পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি প্রক্রিয়া চলাকালীন বিস্তর ঝামেলা হয় বলে অভিযোগ। অনেক সময় যোগ্য ছাত্রকে বাইরে আটকে কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হয় না। আবার সকালে কাউন্সেলিংয়ের নির্ধারিত সময়সীমার অনেক পরে এসে হুজ্জুতি করার ঘটনাও প্রায়ই ঘটে। এধরনের নানা সমস্যার কারণে একাধিক কলেজ ভর্তি প্রক্রিয়া থেকে রেহাই পেতে শিক্ষাদপ্তরে চিঠি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাছেও তারা একই আর্জি জানিয়েছে। শেষ পর্যন্ত গত ২২ মে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অ্যাডমিশন কমিটি এনিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। ঠিক হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং অনুমোদিত সব কলেজে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্য এবার থেকে সেন্ট্রাল অ্যাডমিশন সিস্টেম চালু হবে। এনিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এবছর ৭ জুলাই থেকে ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা শুরু হবে। ওই পরীক্ষার ফল প্রকাশের পরই মাস্টার ডিগ্রিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে।
কন্টাই পিকে কলেজের অধ্যক্ষ অমিতকুমার দে বলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। তাতে কলেজে পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি নিয়ে ঝামেলা বন্ধ হবে। এটাও ঠিক, গ্রামীণ এলাকার কলেজে পোস্ট গ্র্যাজুয়েটে আসন পূরণ নিয়ে সংশয় থাকবে। মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপনকুমার মিশ্র বলেন, গ্রামীণ এলাকার যেসব কলেজে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স আছে, সেখানে উপযুক্ত ছাত্রছাত্রী পাওয়া সমস্যা হয়ে দাঁড়াবে।