নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদির পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের জন্য আট বছরে খরচ ৯১ কোটি ৮১ লক্ষ টাকা। বোর্ড পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের মনোবল বাড়ানোর লক্ষ্যে গত আট বছর ধরে এই অনুষ্ঠান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই অনুষ্ঠানের জন্য কেন্দ্রীয় কোষাগার থেকে কত টাকা খরচ হয়? সরকারের কাছে লিখিতভাবে জানতে চেয়েছিলেন তৃণমূলের সাংসদ মালা রায়। জবাবে শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী লিখিতভাবে জানিয়েছেন, ২০১৮ থেকে ২০২৫, এই আট বছরে ক্রমশ খরচ বেড়েছে। ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকা, অভিভাবকদের অংশগ্রহণও বেড়েছে।
মন্ত্রী জানিয়েছেন, ২০১৮ সালে পরীক্ষা পে চর্চার জন্য খরচ হয়েছিল ৩ কোটি ৬৭ লক্ষ টাকা। সেটিই চলতি বছরে খরচ হয়েছে ১৮ কোটি ৮৩ লক্ষ টাকা। গত আট বছরে সব মিলিয়ে ৯১ কোটি ৮১ লক্ষ টাকা খরচ হয়েছে। যদিও এর পরেও প্রধানমন্ত্রীর এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান বন্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই বলেই উল্লেখ করেছেন মন্ত্রী।
গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়া হবে কি না, তা নিয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছিলেন তৃণমূলের বাপি হালদার। লিখিত জবাবে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, গঙ্গাসাগর মেলার কথা জানি। প্রত্যেক বছর রাজ্য সরকারই যাবতীয় আয়োজন করে। তবে এখনই এই মেলাকে কেন্দ্রের তালিকায় যুক্ত করার কোনও পরিকল্পনা নেই। তাছাড়া ধর্মীয় কোনও মেলা যুক্ত হবে কি না, তা সংস্কৃতি মন্ত্রকের বিচার্য বিষয় নয়।