Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক, ওয়েবেলের সঙ্গে গাঁটছড়ায় সেনসর তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হতে চায় কেন্দ্র

এবার দেশীয় উচ্চ প্রযুক্তির সেনসর তৈরি হবে রাজ্যেই। এ রাজ্যে সেন্টার অব ইনোভেশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম ফর সেনসর্স নামে একটি কেন্দ্র তৈরির জন্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলি হাত মিলিয়েছে।

সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক, ওয়েবেলের সঙ্গে গাঁটছড়ায় সেনসর তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হতে চায় কেন্দ্র
  • ১৫ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

অর্পণ সেনগুপ্ত, কলকাতা: এবার দেশীয় উচ্চ প্রযুক্তির সেনসর তৈরি হবে রাজ্যেই। এ রাজ্যে সেন্টার অব ইনোভেশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম ফর সেনসর্স নামে একটি কেন্দ্র তৈরির জন্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলি হাত মিলিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা সংস্থা ডিআরডিও, সিএসআইআরের আওতাধীন যাদবপুরের সংস্থা সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিইউট (সিএসআইআর-সিজিসিআরআই) এবং রাজ্য সরকারের অধীন ওয়েবেল এ নিয়ে মউ স্বাক্ষর করেছে। পৌরহিত্য করেছেন ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত। এর জেরে সিজিসিআরআই ক্যাম্পাসেই নয়া কেন্দ্র তৈরি হবে।

Advertisement

এই উদ্যোগের একটি পক্ষ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকও। সিজিসিআরআই সিলিকাভিত্তিক কাচ, গ্লাস ফাইবার এবং তার প্রযুক্তিগত ব্যবহার নিয়ে উচ্চমানের গবেষণা করে থাকে। তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দেশকে সেনসর তৈরিতে স্বয়ংসম্পূর্ণ করতে চাইছে কেন্দ্র। মোবাইল থেকে স্বয়ংক্রিয় দরজা, লিফট থেকে গাড়ি, মেট্রো থেকে ইলেকট্রিক সিঁড়ি, ফায়ার অ্যালার্ম এমনকী, দৈনন্দিন জীবনের নানা প্রযুক্তিই এখন সেনসর ছাড়া অচল। অথচ, এই সেনসরের জন্য আমদানির উপরেই বহুলাংশে নির্ভর করতে হয় আমাদের দেশকে। বিদেশি নির্ভরতা কমিয়ে দেশেই ফাইবার ব্র্যাগ গ্রেটিং (এফবিজি) সেনসর বাণিজ্যিকভাবে তৈরির সম্ভাবনা দেশেই রয়েছে। সিজিসিআরআইয়ে এর জন্য প্রয়োজনীয় উচ্চমানের এমসিভিডি সিস্টেম, ফাইবার ড্রয়িং টাওয়ার, অপটিক্যাল প্রিফর্ম ক্যারেক্টারাইজেশন ইউনিটের মতো পরিকাঠামো রয়েছে। পাশাপাশি হাই পাওয়ার ফাইবার লেজার (২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন) তৈরির পরিকল্পনাও রয়েছে নয়া কেন্দ্রে। এটি তৈরি হলে কর্মসংস্থানের একটি দিকও উন্মোচিত হবে। 

ডিআরডিও এর সঙ্গে যুক্ত রয়েছে মানে, আগামী দিনে দেশের সমরাস্ত্র, সিগন্যালিং ব্যবস্থা, রেডার, যুদ্ধবিমান ও অন্যান্য যুদ্ধযানের জন্য সেনসর এখান থেকেই সংগ্রহ করতে চায় তারা। ফলে, ভারত যেখানে সমরাস্ত্রের ক্ষেত্রে বিদেশি নির্ভরতা ধাপে ধাপে কমাতে চাইছে, সেই লক্ষ্যেও সহযোগী হবে এই পদক্ষেপ। একই সঙ্গে শিল্পক্ষেত্র এবং অ্যাকাডেমিক গবেষণার রসদ ও পরিকাঠামোও জোগাবে এই কেন্দ্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ