Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙা-২ ব্লকের ৩টি প্রাইমারি স্কুল পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

বুধবার মাথাভাঙা-২ ব্লকের তিনটি প্রাইমারি স্কুল পরিদর্শন করল কেন্দ্রীয় সংস্থা এনসিইআরটি।

মাথাভাঙা-২ ব্লকের ৩টি প্রাইমারি স্কুল পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: বুধবার মাথাভাঙা-২ ব্লকের তিনটি প্রাইমারি স্কুল পরিদর্শন করল কেন্দ্রীয় সংস্থা এনসিইআরটি। এদিন মাথাভাঙা-২ ব্লকের ২ নম্নর সার্কেলের বড়শৌলমারী দেবসিংপাড়া প্রাথমিক স্কুল, ছেরামারি প্রাথমিক স্কুল ও রামঠেঙা সরকারি প্রাথমিক স্কুলে গিয়ে নানা বিষয় নিয়ে খোঁজখবর নেয় দুই প্রতিনিধি দল। ক্লাসে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথাও বলেন তাঁরা। প্রতিনিধি দলের তরফে পুনিত শর্মা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হয়েছে। স্কুল সূত্রে জানানো হয়েছে, তিনটি বিদ্যালয়ের পরিকাঠামো সহ সমস্ত দিক থেকে খুশি কেন্দ্রীয় প্রতিনিধি দল। 

Advertisement

প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যের সরকারি স্কুলগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে নানা সময়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে। এবারে কোচবিহার সহ বেশ কয়েকটি জেলায় কেন্দ্রীয় প্রতিনিধিরা এসেছেন। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের অফিস সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় সরকারি স্কুলগুলিতে কী ধরনের পড়াশোনা হয়, পরিকাঠামো কী রয়েছে এবং পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে জানার জন্য প্রতিনিধিরা আসেন। একই সঙ্গে এখানকার বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অন্য রাজ্যের পরিস্থিতিও দেখানো হয়। ফলে এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার বিষয়টি রুটিন কর্মসূচি ছিল। 
কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় জেলা পরিদর্শক মৃণালকান্তি সিংহ রায় বলেন, এটা রুটিন কর্মসূচি। নানা সময়ে কেন্দ্রীয় সংস্থার সদস্যরা রাজ্যের একাধিক জেলায় আসেন। ওরা রিসার্চ ও ট্রেনিং নিয়ে কাজ করেন। রাজ্যেরও এমনই একটি সংস্থা রয়েছে। সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন তাঁরা। আমাদের শিক্ষকদেরও অন্য রাজ্যে নিয়ে গিয়ে স্কুল পরিদর্শনের সুযোগ করে দেওয়া হয়। 
কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য পুনিত শর্মা বলেন, এটা কেন্দ্রীয় সংস্থা এনসিইআরটির একটি শিক্ষা কার্যক্রম। আমরা এখানকার পরিস্থিতি খতিয়ে দেখে একটি রিপোর্ট জমা করব। এদিন মাথাভাঙা-২ ব্লকের তিনটি স্কুল পরিদর্শন করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ