নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার দু’দিনের সফরে রাজ্যে আসছেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রতিনিধিরা। কয়েক বছর আগে কলকাতা পুরসভাকে বিপর্যয় মোকাবিলা খাতে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল দিয়েছিল কেন্দ্র। সেই টাকায় নিকাশিসহ পরিবেশবান্ধব একাধিক উন্নয়নের কাজ করছে কলকাতা পুরসভা। সেই কাজ কতদূর এগলো, কেমন চলছে, তা সরেজমিনে খতিয়ে দেখতেই এই সফর বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, আজ প্রথমে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে বৈঠক রয়েছে ওই প্রতিনিধিদের। তারপর তাঁরা যাবেন কলকাতা পুরসভায়। সেখানে প্রথমে পুর কমিশনার স্মিতা পান্ডের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা। তারপর প্রকল্পের কাজ খতিয়ে দেখতে ফিল্ড ভিজিটে যাবে কেন্দ্রীয় টিম। সবশেষে সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে প্রতিনিধি দলের। পুরসভা সূত্রে খবর, কয়েক বছর আগে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কাছে ৬৯৩ কোটি টাকার প্রকল্প রিপোর্ট জমা করেছিল পুরসভা। কলকাতা পুরসভার প্রেজেন্টেশনে সন্তুষ্ট হয়ে ৫০০ কোটি টাকার তহবিল দেয় কেন্দ্র। বর্তমানে সেই অর্থে শহরে ৫৪টি রিচার্জ পিট (ভূপৃষ্ঠের জল ভূগর্ভে পৌঁছানোর ব্যবস্থা), ছ’টি পুকুর, ছ’টি নিকাশি পাম্পিং স্টেশন, ১৩টি খাল সংস্কার, ফ্লাড ওয়ার্নিং সিস্টেম, দমদম এবং গুলশান কলোনিতে ভূগর্ভস্থ নিকাশি পাইপলাইনসহ একাধিক উন্নয়নের কাজ চলছে। পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, প্রথমে কুঁদঘাটের ইটখোলায় দু’টি পুকুর সংস্কারের কাজ দেখাতে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় দলকে। তারপর খাল সংস্কারের কাজ দেখবেন তাঁরা। নিয়ে যাওয়া হবে নিকাশি পাম্পিং স্টেশনের কাজ দেখাতেও। কাল, বৃহস্পতিবার প্রথমে ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স মিউজিয়ামে যাবেন তাঁরা। তারপর কেন্দ্রীয় দল যাবে নবান্নে। মুখ্যসচিবের সঙ্গে বৈঠক রয়েছে তাদের।