নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে সেন্সাসের ‘গৃহ গণনা’। এই পর্বে দেশের নাগরিকরা কে কী অবস্থায় বসবাস করছেন, তা নথিভূক্ত হবে। বাড়ি নিজের নাকি ভাড়া, কীসে রান্না হয়, এসব তথ্য সংগ্রহর কাজ হবে। আজ সোমবার গৃহ ও জনগণনা নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। এবারের সেন্সাসে নাগরিকদের অনলাইন ফর্ম পূরণের বিষয়টি সম্পূর্ণ নতুন। তার জন্য সেলফ ইনিউমারেশন পোর্টাল খোলা হচ্ছে। এবারের সেন্সাস হবে সম্পূর্ণ ডিজিটাল। তৈরি হবে একটি বিশেষ অ্যাপও। গণনাকারী বা ইনিউমারেটরা নিজের স্মার্ট ফোনেই তা ডাউনলোড করে নিতে পারবেন। ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা সহ ১৪ টি আঞ্চলিক ভাষায় ৩৩ টি প্রশ্ন থাকবে। সেলফ ইনিউমারেশন ফর্মে পূরণ করা তথ্য চোখ বুঝে বিশ্বাস করবে না রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া। অনলাইন ফর্ম পূরণ করলেই তা আপলোড হবে না। ফর্ম পূরণের পর মিলবে ১১ ডিজিটের একটি আইডি। যার শুরুতে ‘এইচ’ লেখা থাকবে। অর্থাৎ হাউসহোল্ড। এরপর গণনাকারী এলে তাঁকে জানাতে হবে সেই আইডি। তিনি সেটি দিয়ে ওই ফর্ম খুলে সব তথ্য যাচাই করবেন। তারপরই সেটি আপলোড হবে।



