• নীরজ ঘায়ওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ চলতি বছর অস্কারের জন্য মনোনীত হয়েছে। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তার আগে অস্কার মনোনয়নের খবর বাড়তি উৎসাহ জুগিয়েছে নির্মাতাদের। তবে মুক্তির আগেই নাকি সিনেমার বেশ কিছু দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। একের পর এক ছবি নিয়ে বিতর্কের পর এখন যে কোনও ছবি নিয়েই বাড়তি সতর্ক থাকে বোর্ড। সে কারণে রিভিউ কমিটি এই ছবির বেশ কয়েকটি দৃশ্য নিয়ে প্রশ্ন তোলে। সূত্রের খবর, ছবির মোট ১১টি দৃশ্যে পরিবর্তন করা হয়েছে। বাদ গিয়েছে ৭৭ সেকেন্ড। পাশাপাশি এক ক্রিকেট ম্যাচের দৃশ্যেরও ৩২ সেকেন্ড নাকি বাদ পড়েছে। ছবির সংলাপেও গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে। কেটে দেওয়া হয়েছে পুজোর দৃশ্যও। ছবির ২১ মিনিটের মাথায় নাকি একটি সংলাপ ‘মিউট’ করে দেওয়া হয়েছে। এই পরিবর্তনগুলি করার পর করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এই ছবিকে ইউ/এ ১৬ প্লাস সার্টিফিকেট দেওয়া হয়েছে। ছবির দৈর্ঘ্য ১২২ মিনিট।



