Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলা আম উৎসবে সেলিব্রিটি মিয়াজাকি, সেলফি তোলার ‘হিড়িক’

ভগবানগোলা আম উৎসবে সেলিব্রিটি মিয়াজাকি, সেলফি তোলার ‘হিড়িক’
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: ভগবানগোলা-১ ব্লক ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ভগবানগোলা আম উৎসব-২০২৫ শুরু হয়েছে। সহযোগিতা করছে  মুর্শিদাবাদ জেলা উদ্যানপালন দপ্তর। ভগবানগোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসব আজ, শুক্রবার পর্যন্ত চলবে। এদিন সূচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) চিরন্তন প্রামাণিক, লালবাগ মহকুমা শাসক বনমালী রায়, জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক প্রিয়রঞ্জন সন্নিগ্রাহী উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন ভগবানগোলা-১ ও ২ বিডিও নাজির হোসেন ও অনির্বাণ সাহু, ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। এই উৎসবে নানা প্রজাতির আমের মধ্যে মিয়াজাকিকে নিয়ে উৎসাহ ছিল সবচেয়ে বেশি। ‘সেলিব্রিটি’ এই আমের সঙ্গে বহু মানুষ সেলফি তোলায় মেতে ওঠে।

Advertisement

এই আম উৎসবে ভগবানগোলা, রানিতলা, লালবাগ ও লালগোলার আমচাষিরা অংশগ্রহণ করেছেন। দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় ৫০টি প্রজাতির আম এই উৎসবে প্রদর্শিত হচ্ছে। দেশি প্রজাতির মধ্যে রয়েছে চম্পা, পেয়ারাফুলি, সারেঙ্গা, মোহনভোগ, দুধি আনারস, দিলপসন্দ, আমুলচারা, মিঠুয়া, গোলাপখাস, হিমসাগর, কাঞ্চন, দিলসাজ, লক্ষ্মণভোগ, বোম্বাই, সভাপতি, রানিপসন্দ, চন্দনকোষা প্রভৃতি। বিদেশি প্রজাতির মধ্যে রয়েছে বিখ্যাত মিয়াজাকি, রেড হংকং ড্রাগন, থাই কাটিমন, রেড সিওন, রেড পালমা, বানানা, চিয়াং মাই, কিং অব চাকাপাট, আর টু ই টু। 
প্রথম দিনেই উৎসব প্রাঙ্গণে ব্যাপক ভিড় দেখা যায়। অনেকে স্টলের সামনে দাঁড়িয়ে আম খেয়ে পরখ করে কিনে বাড়ি নিয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বহুমূল্য জাপানি মিয়াজাকি আম দেখতে মানুষের উৎসাহ ছিল সবেচেয়ে বেশি। মিয়াজাকি, রেড হংকং ড্রাগন, থাই কাটিমন প্রভৃতি বিদেশি প্রজাতি আমের সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। 
আমের পাশাপাশি আচার, আমসত্ত্ব, কাঁচা ও পাকা আমের শরবত প্রভৃতি একাধিক আমজাত আইটেম রয়েছে। আতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) চিরন্তনবাবু বলেন, আমাদের দেশে উৎপাদিত আমের ১০ শতাংশ বিদেশে রপ্তানি হয়। যেখানে দক্ষিণ আমেরিকার মেস্কিকোর মতো একটি ছোট দেশ তাদের উৎপাদিত সব আম বিদেশে রপ্তানি করে। কাজেই আরও বেশি করে আমের বাণিজ্যকরণ করতে হবে। 
ভগবানগোলা-১ বিডিও বলেন, এবছর পথ চলা শুরু হল। প্রথম বছর ভালোই সাড়া পাচ্ছি। আগামী দিনে আরও বড় আকারে আম উৎসব করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ