সংবাদদাতা তারকেশ্বর: তারকেশ্বর পুরসভার ৫০তম জন্মদিবস পালন অনুষ্ঠান হল বুধবার ভগৎ সিং সভাকক্ষে। পাশাপাশি শ্রাবণী মেলা নিয়ে হয়েছে পর্যবেক্ষণ বৈঠক।
সংবাদদাতা তারকেশ্বর: তারকেশ্বর পুরসভার ৫০তম জন্মদিবস পালন অনুষ্ঠান হল বুধবার ভগৎ সিং সভাকক্ষে। পাশাপাশি শ্রাবণী মেলা নিয়ে হয়েছে পর্যবেক্ষণ বৈঠক।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, আরামবাগের সাংসদ মিতালী বাগ, জেলাশাসক মুক্তা আর্য্যা, চন্দননগরের মহকুমা শাসক বিষ্ণু দাস, তারকেশ্বরের পুরপ্রধান উত্তম কুণ্ডু প্রমুখ। বৈঠকে ছিলেন বিদ্যুৎ, দমকল, পুলিস ও স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধিরা। গত তিন সপ্তাহ ধরে পরিষেবাগত যে ত্রুটিগুলি হয়েছে সেগুলি তুলে ধরা হয় বৈঠকে। এ সময়কালে পঞ্চাশ হাজারের মতো তীর্থযাত্রী তারকেশ্বরে এসেছিলেন বলে জানান মন্ত্রী। তারকেশ্বর বৈদ্যবাটি রোড, দিল্লি রোড সহ বিভিন্ন রাস্তা বর্ষার কারণে খারাপ। যেগুলি এখনও সারানো হয়নি। তা দ্রুত মেরামতের কথা বলা হয়েছে। পাশাপাশি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয় নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, তীর্থযাত্রীদের জন্য তৈরি পরিষেবা কেন্দ্রগুলিতে নিষিদ্ধ প্লাস্টিকের গ্লাস ব্যবহার হচ্ছে। তা বন্ধ করতে পুলিসকে নজর দিতে বলেছেন সরকারি আধিকারিকরা। এছাড়া অভিযোগ, শিবের মাথায় জল ঢালার পর বিপুল পরিমাণ প্লাস্টিকের ঘট পড়ে থাকছে। তা ছড়াচ্ছে মন্দিরের দুধপুকুরেও। এর উত্তরে প্রায় ৫০ ট্রাক্টর প্লাস্টিকের ঘট তোলা হয়েছে বলে পুরসভা জানিয়েছে। এর পাশাপাশি মন্দির যাওয়ার রাস্তার উপর যে বাড়িগুলি ভগ্নদশায় আছে সেগুলি মেরামতের জন্য পুরসভা নোটিস পাঠিয়েছে। ভগ্নপ্রায় বাড়ি ভেঙে পুণ্যার্থীরা জখম হতে পারেন বলে আশঙ্কা। এর পাশাপাশি জানা গিয়েছে, লোকনাথ মন্দিরের কাছে একটি স্বাস্থ্যশিবির চলতি সপ্তাহ থেকে শুরু হবে। বাইক অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার সংখ্যা আরও বাড়ানো হচ্ছে বলে খবর। শ্রাবণী মেলার বৈঠক শেষ করে পুরসভার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন মন্ত্রী। নিজস্ব চিত্র