নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে হাজির হল সিবিআই। শুক্রবার বিকেলে তদন্তকারীদের টিম তাঁর বাড়িতে পৌঁছয়। রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে তিনি কোনও প্রভাব খাটিয়েছিলেন কি না এই সংক্রান্ত বিষয় ডেপুটি মেয়রের কাছে জানতে চাওয়া হয়েছে বলে খবর। আড়াই ঘণ্টা পর এজেন্সির টিম ডেপুটি মেয়রের বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে অতীনবাবু জানান, আর জি কর দুর্নীতি মামলায় সাক্ষী হিসেবে তাঁর কাছে নোটিস পাঠিয়েছিল সিবিআই। তাঁকে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। সিবিআই কিছু প্রশ্নমালা সাজিয়ে দিয়েছিল। তিনি সেগুলির উত্তর দিয়েছেন। রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলাম বলেই নোটিস পাঠিয়েছে। আর জি কর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জেলবন্দি সন্দীপ ঘোষ। সিবিআই তদন্তে নেমে জেনেছে, খাতায়কলমে অনেক কিছু জিনিস কেনা হয়েছে। বাস্তবে তা হাসপাতালেই ঢোকেনি। গোটা বিষয়টি চলেছে সন্দীপ ঘোষের নির্দেশমতো। এজেন্সি জেনেছে রোগীদের চিকিৎসা পরিষেবা উন্নতির জন্য বিভিন্ন সুপারিশ করে থাকে রোগী কল্যাণ সমিতি। আর জি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁর বক্তব্য যাচাই করতেই শুক্রবার ডেপুটি মেয়রের বাড়িতে যান তদন্তকারীরা। একইসঙ্গে সদস্য হিসেবে অতীনবাবু কোনও প্রস্তাব করেছিলেন কি না তাও জানতে চান তাঁরা। পাশাপাশি সরকারকে না জানিয়ে চেয়ারম্যান নিজের ক্ষমতাবলে কোনও কিছু কেনাকাটা করেছিলেন কি না তাই নিয়েও প্রশ্ন করা হয়েছে বলে সূত্রের খবর। চেয়ারম্যান বা ডেপুটি মেয়র কাউকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য প্রভাব খাটিয়েছিলেন কি না সেই প্রসঙ্গও আসে বলে খবর। ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, নির্বাচন আসছে। ওরা ভরসা করবে ইডি সিবিআইয়ের উপর। কিছু মানুষকে ভয় দেখানো, ধমকানো চমকানো এসব চলবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করি, ভয় করি না।-নিজস্ব চিত্র



