Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি কর্মী খুন মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পলাতক এক অভিযুক্ত

বিজেপি কর্মী খুন মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পলাতক এক অভিযুক্ত
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালে নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় দীর্ঘদিন ‘পলাতক’ ছিল অভিযুক্ত সুখদেও পোদ্দার ওরফে সুখা। সেই ঘটনার প্রায় চার বছর পর সে গ্রেপ্তার হল সিবিআইয়ের হাতে। বুধবার সকালে তাঁকে উত্তর শহরতলির ডানলপ এলাকা থেকে পাকড়াও করা হয়। সিবিআই সূত্রের খবর, মানিকতলা মেইন রোডের বাসিন্দা ওই অভিযুক্ত ঘটনার পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছিল। এরপর সে নাম ভাঁড়িয়ে রথতলা এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকত। প্রথমে ক্যাটারিং, পরে অটো চালানোর কাজে যুক্ত ছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন তাকে গ্রেপ্তার করা হয়। সিবিআই অফিসারদের বিভ্রান্ত করতে সে বার বার দাবি করে, তার নাম সুখদেও নয়, তার নাম প্রণব। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা তার ছবি দেখানো মাত্রই সে ভেঙে পড়ে। এদিন তাকে কলকাতার বিচারভবনে তোলা হয়। বিচারক তাকে ২১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন সিবিআইয়ের পক্ষ থেকে অভিযুক্তকে জেলে গিয়ে জেরা করার আর্জি জানানো হয়। বিচারক তা মঞ্জুর করেন। এই মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৪। এখনও ফেরার রয়েছে মোট ছ’জন। তাদের বিরুদ্ধে জারি রয়েছে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। আদালত সূত্রের খবর, আট অভিযুক্ত ফেরার হওয়ার পর সিবিআইয়ের বিশেষ অপরাধ দমন শাখা ঘোষণা করে, ফেরার ব্যক্তিদের সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এই অভিযুক্ত ছিল তাদেরই একজন। মৃতের দাদা বিশ্বজিৎ সরকার বলেন, ‘চলতি মাসে এনিয়ে পলাতক দু’জন গ্রেপ্তার হওয়ায় আমরা খুশি। আশা করছি, বাকিরাও গ্রেপ্তার হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ