নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বুধবারও হুগলির ডানকুনিতে উচ্ছেদ অভিযান হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জেসিবি চালিয়ে বহু খাটাল ভেঙে দেওয়া হয়েছে। ডানকুনির খাটাল এলাকায় একটি মূল খাটালের পাশাপাশি অনেকগুলি ছোট ও মাঝারি খাটাল তৈরি করা হয়েছিল। ফলে, উচ্ছেদ পর্বে অনেকটা সময় লাগছে। এদিনও খাটাল উচ্ছেদ নিয়ে মালিকদের গলায় ক্ষোভের সুর শোনা গিয়েছে। যদিও বাধা দেওয়ার ঘটনা এদিন ঘটেনি। প্রসঙ্গত, মঙ্গলবার থেকে ডানকুনিতে খাটাল উচ্ছেদ শুরু হয়েছে। পরিবেশ আদালতের নির্দেশে ডানকুনি পুরসভা ও স্থানীয় প্রশাসন ওই কাজ করছে। গবাদি পশুর বর্জ্যে ডানকুনি খাল মজে গিয়ে পরিবেশের ক্ষতি করছিল। এমনই অভিযোগে পরিবেশ আদালতে মামলা হয়। বৈদ্যবাটি থেকে ডানকুনি পর্যন্ত পুরসভা ও পঞ্চায়েত এলাকার নিকাশির অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই ডানকুনি খাল। সেই নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম বলেন, খাটাল সরিয়ে দেওয়ার কাজ শান্তিপূর্ণভাবে হয়েছে। আদালতের নির্দেশ যথাযথভাবে পালিত না হওয়া পর্যন্ত উচ্ছেদ পর্ব চলবে।



