Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তরপাড়ার পুর হাসপাতালে মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা

উত্তরপাড়া পুরসভার হাসপাতালে আধুনিক চিকিৎসা পরিষেবা সুলভ করতে বড় উদ্যোগ নিল কর্তৃপক্ষ

উত্তরপাড়ার পুর হাসপাতালে মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়া পুরসভার হাসপাতালে আধুনিক চিকিৎসা পরিষেবা সুলভ করতে বড় উদ্যোগ নিল কর্তৃপক্ষ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সরকারি ও বেসরকারি সমস্তরকম চিকিৎসা বীমার আওতায় পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। ফলে উন্নতমানের পরিষেবাও হয়ে যাবে সম্পূর্ণ ‘ক্যাশলেস’। রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা আগেই ছাড়পত্র পেয়েছিল। এবার একাধিক বেসরকারি স্বাস্থ্য বীমাকে পুরসভা ছাড়পত্র দিতে চলেছে। পাশাপাশি এই রাজ্যে প্রচলিত আরও কিছু বেসরকারি সংস্থার বীমাকে আনা হচ্ছে ছাড়ের আওতায়। সুলভ পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রে একজন নাগরিকও যাতে বঞ্চিত না হন তার জন্য সমীক্ষা চালাচ্ছে পুরসভা। 

Advertisement

পুরকর্তারা জানান, ক্যাশলেস পরিষেবা আধুনিক সময় অত্যন্ত জরুরি। অধিকাংশ বেসরকারি স্বাস্থ্য সংস্থা সে সুযোগ দেয়। কিন্তু উত্তরপাড়া পুরসভার মহামায়া হাসপাতালে আধুনিক পরিষেবার ব্যবস্থা থাকলেও স্বাস্থ্য বীমার সুযোগ মানুষ বিশেষ পেতেন না। মূলত ‘ক্যাশলেস’ পরিষেবা কার্যত পাওয়াই যেত না। এবার সেই সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। যাতে ঘরের কাছেই কার্যত বিনা পয়সায় উন্নত পরিষেবার সুযোগ নাগরিকরা নিতে পারেন। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, আধুনিক সময় সবার কাছেই স্বাস্থ্য বীমা আছে। সরকারি বীমার সুবিধা মানুষ সরকারি প্রতিষ্ঠানে সহজেই পান। কিন্তু বেসরকারি বীমার সুবিধা নিতে নাগরিকদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে যেতে হয়। আপৎকালীন অবস্থায় অনেক সময়ই তা করা সম্ভব হয় না। সে সমস্যা এড়াতেই আমরা পুরসভার হাসপাতালে সমস্তরকম বীমা ও ‘ক্যাশলেস’ পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একগুচ্ছ বেসরকারি বীমাকে ইতিমধ্যেই পরিষেবার আওতায় আনার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সেই সংখ্যাকে বাড়ানোর জন্যও আমরা  পরিকল্পনা করছি। তাতে সমস্ত বীমার সুবিধা উত্তরপাড়ার নাগরিকরা মহামায়া হাসপাতাল থেকে পাবেন। চলতি বছরের মাঝামাঝি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ওই পরিকল্পনাকে অভিনন্দন জানিয়েছেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক অসীমা পাত্র। তিনি বলেন, খুবই অভিনব এবং কার্যকরী পদক্ষেপ। মানুষের জন্য কাজের যে নীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জনপ্রতিনিধিদের শেখাতে চেয়েছেন তারই নিদর্শন হচ্ছে এই সিদ্ধান্ত। উত্তরপাড়া পুরসভার পরিকল্পনা অনুসরণযোগ্য।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত পাঁচবছর ধরে মহামায়া পুর হাসপাতালের পরিষেবাকে আধুনিক করে তোলার প্রয়াস চলছে। বর্তমানে ১০০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ অপারেশন সহ আপৎকালীন বেশ কয়েকটি পরিষেবা চালু আছে। সেই পরিষেবা সাধারণের কাছে সহজলভ্য করতে এবার গোটা হাসপাতালের যাবতীয় পরিষেবাকে ‘ক্যাশলেস’ করে তোলার পরিকল্পনা হয়েছে। তাতে নাগরিকদের কাছে পুর হাসপাতালের সমস্ত পরিষেবাই হাতের মুঠোয় চলে আসবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ